প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রিটিশ স্টিলকে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার পর চীনের জিংইয়ে স্টিল যুক্তরাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। একই সঙ্গে তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। ২০২০ সালে জিংইয়ে ব্রিটিশ স্টিল কিনেছিল। কিন্তু সংকটে পড়া এই প্রতিষ্ঠানে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপের ফলে গত বছর কোম্পানিটি এর নিয়ন্ত্রণ হারায়। বেইজিং থেকে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। উত্তর ইংল্যান্ডের স্কানথর্পের অবস্থিত ব্রিটেনের শেষ ইস্পাত কারখানাটি, যেখানে আকরিক থেকে সরাসরি ইস্পাত উৎপাদন করা সম্ভব, বন্ধ হওয়ার মুখে পড়ে। জিংইয়ে জানায়, কারখানাটি আর আর্থিকভাবে টেকসই নয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের এপ্রিল মাসে যুক্তরাজ্য সরকার কারখানাটির নিয়ন্ত্রণ নেয়। পরে বৃহস্পতিবার সরকার ঘোষণা দেয় যে, ব্রিটিশ স্টিলকে পুরোপুরি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে। তবে রোববার নিজেদের সরকারি উইচ্যাট অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জিংইয়ে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। তারা যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক বিনিয়োগ বিধি লঙ্ঘন’ এবং ‘প্রকাশ্য ডাকাতির’ অভিযোগ তোলে। একই সঙ্গে তারা দাবি করে বিনিয়োগজনিত ক্ষতিপূরণ আদায় করবে। বিবৃতিতে কোম্পানিটি বলেছে, ‘জিংইয়ে তার সব আইনি অধিকার সংরক্ষণ করছে। আমরা আমাদের বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করব এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত পূর্ণ ক্ষতিপূরণ আদায় করব।’ যুক্তরাজ্য সরকার বৃহস্পতিবার জানিয়েছে, জিংইয়ের কাছ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার পর যুক্তরাজ্যে ইস্পাত উৎপাদনের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতেই ব্রিটিশ স্টিলকে পুরোপুরি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ পদক্ষেপের বিরোধিতা করে। তারা অভিযোগ করেছে, ‘জাতীয় নিরাপত্তার অজুহাতে’ যুক্তরাজ্য সরকার কোম্পানিটির নিয়ন্ত্রণ ‘জোরপূর্বক’ দখল করে নিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন