প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক ট্যাক্সি চালককে অপহরণ এবং তার ওপর গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টিভি উপস্থাপক ও র্যাপার মোলেমো মারোহানিয়ে, যিনি ‘জুব জুব’ নামে পরিচিত। পুলিশের সূত্রে জানা গেছে, নিজের প্রেমিকার সঙ্গে সম্পর্ক রাখার সন্দেহে মোলেমো ওই চালকের ওপর গুলি চালিয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে জোহানেসবার্গ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত ইডেনভেলে শহরে। রবিবার (১৪ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ওই ট্যাক্সি চালক একজন যাত্রী নামিয়ে দেওয়ার পরপরই মারোহানিয়ে তার মুখোমুখি হন এবং অভিযোগ করেন যে তার প্রেমিকার সঙ্গে সম্পর্ক রয়েছে ওই চালকের। একপর্যায়ে মারোহানিয়ে ওই চালককে জোরপূর্বক নিজের গাড়িতে তুলে নেন এবং তার দিকে গুলি চালান।
পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে যে, আক্রান্ত চালক অক্ষত অবস্থায় গাড়ি থেকে পালাতে সক্ষম হন। তিনি অবিলম্বে নিকটবর্তী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই সংগীতশিল্পীকে গ্রেপ্তার করে। তবে এই বিষয়ে মারোহানিয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। বুধবার (১৭ জুন) প্রাথমিক শুনানির জন্য তাকে জার্মিস্টন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আইনের সাথে মারোহানিয়ের সংঘাতের ঘটনা এটি প্রথম নয়। এর আগেও একাধিক গুরুতর অপরাধে তার নাম জড়িয়েছে। ২০১২ সালে বেপরোয়া গাড়ি প্রতিযোগিতা (ড্র্যাগ-রেসিং) করার সময় চারজন স্কুলছাত্রকে চাপা দিয়ে হত্যা এবং আরো দুজনকে আহত করার দায়ে তিনি প্রথমে নরহত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তবে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার উচ্চ আদালত রায় পরিবর্তন করে একে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে গণ্য করে। ২০২৩ সালে মোলেমো এক প্রাক্তন প্রেমিকার দায়ের করা মামলায় ধর্ষণ, হত্যাচেষ্টা ও হামলার অভিযোগে গ্রেপ্তার হন। তবে ২০২৪ সালে জাতীয় প্রসিকিউশন কর্তৃপক্ষ (এনপিএ) পর্যাপ্ত প্রমাণের অভাবে অভিযোগগুলো প্রত্যাহার করে নেয়।
উল্লেখ্য, মোলেমো মারোহানিয়ে বর্তমানে ‘উয়াজোলা ৯/৯’ নামক দক্ষিণ আফ্রিকার একটি অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি টিভি শো উপস্থাপনা করছেন। অনুষ্ঠানটির মূল বিষয়বস্তু হলো সমাজে প্রতারক জীবনসঙ্গীদের মুখোশ উন্মোচন করা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন