প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পশ্চিমবঙ্গের মালদহ জেলার একটি সরকারি স্কুলে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর পরীক্ষার উত্তরপত্রে আঁকা দেবী সরস্বতীর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক শিক্ষককে। এই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন হিন্দু সংগঠন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম মো. আফতাব উদ্দিন। তিনি চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের আরবি বিভাগের শিক্ষক। জানা গেছে, ঘটনার সময় তিনি পরীক্ষার হলে পরিদর্শকের (ইনভিজিলেটর) দায়িত্ব পালন করছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর), যখন স্কুলটিতে বার্ষিক পরীক্ষা চলছিল। সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী তার পরীক্ষার উত্তরপত্রে দেবী সরস্বতীর একটি ছবি এঁকেছিল। শিক্ষার্থীটি যখন উত্তরপত্র জমা দিতে যায়, তখন শিক্ষক আফতাব উদ্দিন ছবিটি ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ ওঠে। এই খবর ছড়িয়ে পড়তেই স্কুল প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতা-কর্মীরা স্কুলে পৌঁছে বিক্ষোভ শুরু করেন এবং অভিযোগ তোলেন যে এই কাজের মাধ্যমে হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।
‘হিন্দু সুরক্ষা সমিতি’-র সদস্যরাও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং অভিযুক্ত শিক্ষকের বরখাস্ত ও শাস্তির দাবি জানান। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চাঁচলের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্য দীপক চ্যাটার্জি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। তিনি বলেন, “স্কুলে শিক্ষার্থীরা কী শিখবে? একজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর আঁকা মা সরস্বতীর ছবি ছিঁড়ে ফেলার যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনা হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) ওই শিক্ষার্থীর বাবা কমল রায় চাঁচল থানায় মো. আফতাব উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে কমল রায় উল্লেখ করেন, অভিযুক্ত শিক্ষক এর আগেও একাধিক শিক্ষার্থীর আঁকা হিন্দু দেব-দেবীর ছবি ছিঁড়ে ফেলেছিলেন।
পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযোগ নথিভুক্ত করার পর পুলিশ স্কুল প্রাঙ্গণ থেকেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযোগের তদন্ত চলছে।
এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার (২৮ নভেম্বর) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (ডব্লিউবিবিএসই) অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তাকে অনির্দিষ্টকালের জন্য সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করেছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী বরখাস্তের আদেশটি ঘোষণা করেন এবং গণমাধ্যমকে জানান, ওই ঘটনার জেরে শিক্ষক গ্রেপ্তার হওয়ার পর পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বরখাস্তের আদেশ বলবৎ থাকবে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন