প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বিএনপির নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি মন্তব্য করেছেন, ‘রাজপথের আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা মনে করছেন ক্ষমতায় আসার পর বিএনপির নেতাকর্মীরা আর রাজপথে থাকবেন না, তারা বোকার স্বর্গে বাস করছেন।’
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নগরের নয়া বাজার বিশ্বরোড মোড়ে চট্টগ্রাম-১০ সংসদীয় আসন বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য সাঈদ আল নোমানের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, জনপ্রিয় সংসদ সদস্য সাঈদ আল নোমানের ওপর ন্যক্কারজনক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক। এ ধরনের হামলার বিরুদ্ধে বিএনপি ও জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সমাবেশে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, জনগণ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেয় না।
তিনি উল্লেখ করেন, মহানগর বিএনপি, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি প্রমাণ করে, দীর্ঘ ১৭ বছর ধরে যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তারা এখনো ঐক্যবদ্ধ ও সক্রিয় রয়েছেন। বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাস করে।
ডিসেম্বর মাসের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, মহান বিজয় দিবসকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পুরো ডিসেম্বর মাসজুড়ে বিজয় উৎসব, বিজয় র্যালি ও বিজয় মেলার আয়োজন করা হবে। মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গণতান্ত্রিক রাজনীতির প্রসঙ্গ তুলে প্রশাসক বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হয়েছে। তাই জনগণের রায় ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।
বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে আত্মগোপনে থেকে মিছিল করার পরিবর্তে সাহস থাকলে প্রকাশ্যে এসে রাজনৈতিক কর্মসূচি পালন করুন। জনগণের সামনে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরুন। রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে এবং জনগণের মুখোমুখি হতে হবে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, সাঈদ আল নোমান রাতের ভোটে নির্বাচিত কোনো সংসদ সদস্য নন, তিনি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। তাঁর ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষের মতামত ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সফল হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, এস কে খোদা তোতন, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, মো. কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, মোশাররফ হোসেন ডিপ্টিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেন ও মোহাম্মদ আবু সুফিয়ানের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল নয়া বাজার বিশ্বরোড মোড় থেকে শুরু হয়ে বড়পোল মোড়ে গিয়ে শেষ হয়। এতে চট্টগ্রাম-১০ সংসদীয় এলাকার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন