প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ : রাজধানী ঢাকার ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত ইচিগো রেস্টুরেন্টকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
আজ বুধবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (উপপরিচালক) বি. এম. রুহুল আমিন রিমনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে দেখা যায়, রেস্টুরেন্টটির রান্নাঘরটি অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া গেছে। এ কারণেই জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায় যে, রেস্টুরেন্টটির রান্নাঘরে কোনো ধরনের লেবেল সংযোজন না করে চাওমিনের হাফ-বয়েলড নুডলসসহ বিভিন্ন খাদ্য সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া মজুদকৃত বিদেশি খাদ্যপণ্যের মোড়কে আমদানিকারকের প্রয়োজনীয় তথ্যও পাওয়া যায়নি। একই সঙ্গে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হয়েছে।
এসব অনিয়ম ও অপরাধের বিষয়ে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক বি. এম. রুহুল আমিন রিমন মন্তব্য করেন, খাদ্য ব্যবসায়ীদের খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন। বিশেষ করে রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাদ্য সংরক্ষণে যথাযথ লেবেলিং এবং আমদানিকৃত খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করা ভোক্তাদের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
তিনি উল্লেখ করেন, খাদ্য নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম মেনে নেওয়া হবে না। ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে।
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার, ঢাকা মেট্রোপলিটন মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়াসহ অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি দল সেখানে উপস্থিত ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন