প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) নির্বাচন সংক্রান্ত চলমান জটিলতার প্রেক্ষিতে হাইকোর্ট নতুনভাবে গঠিত নির্বাচন কমিশনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন। একই সঙ্গে আদালত পূর্বের তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনকে পূর্বঘোষিত তফসিল অনুযায়ী অবশিষ্ট নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এই আদেশের জন্য ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যা আদেশের অনুলিপি পাওয়ার পর কার্যকর হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিচারপতি সিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট পিটিশন নম্বর ১৩২৫৭/২০২৬-এর সম্পূরক আবেদনের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
আদালতের আদেশে গত ২৭ অক্টোবর তারিখে জারি করা নতুন নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্কুলারের কার্যকারিতা এবং এর ভিত্তিতে নেওয়া পরবর্তী কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। আদালত একই সঙ্গে ওই সার্কুলার এবং ৪ নভেম্বর জারি করা স্মারক কেন বেআইনি ও কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি সম্পূরক রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এছাড়াও, আদালত আগের তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনকে সাচিবিক, আর্থিক ও লজিস্টিক সহায়তা দিয়ে চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন।
শুনানির সময় আদালত পর্যবেক্ষণে বলেন, আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সম্পন্ন না করে আগের কমিশন ভেঙে নতুন কমিশন গঠন এবং নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা আপিল বিভাগের আদেশকে ব্যর্থ করার একটি কৌশল বলে মনে হচ্ছে। আদালত এ ধরনের পদক্ষেপকে প্রশ্রয় দেবে না।
আদেশে উল্লেখ করা হয়েছে, আদেশের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে আগের নির্বাচন কমিশনকে পূর্বনির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচনের অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে। ফলে নতুন কমিশনের কার্যক্রম স্থগিত হওয়ার পাশাপাশি আগের কমিশনের অধীনেই নির্বাচন শেষ করার বিষয়ে আদালতের নির্দেশনা স্পষ্ট হয়েছে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ আলী ও আইনজীবী মো. সাদ্দাম হোসেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী শেখ মো. জাকির হোসেন এবং আইনজীবী মো. শহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন