প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কিছুটা বেড়ে গেছে। দীর্ঘদিনের গ্যাস সংকটের পর মহেশখালীর সামিট ও এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল দুটি একযোগে গ্যাস সরবরাহ শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৯ আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।
শুক্রবার ভোর ৪টায় সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ আবার স্বাভাবিক হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সামিট এলএনজি টার্মিনালের দিকে যাত্রা করা একটি এলএনজি বহনকারী জাহাজ বৈরী আবহাওয়া এবং অধিক বেগে বাতাসের কারণে ১০ আগস্ট সিঙ্গাপুর বন্দরে ফিরে যেতে বাধ্য হয়। এর ফলে টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ প্রতিদিন ৩০০ মিলিয়ন ঘনফুট কমে গিয়েছিল।
কিন্তু ১৪ আগস্ট নতুন একটি এলএনজি বহনকারী জাহাজ টার্মিনালে পৌঁছানোর পর, সে অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম শেষ হয়ে আজ ভোর থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়েছে।
বর্তমানে সামিট এলএনজি টার্মিনাল থেকে প্রতিদিন প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে। অন্যদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনালটির ত্রুটি কিছুটা মেরামতের পর বর্তমানে গ্যাস সরবরাহ প্রতিবেদন অনুযায়ী গড়ে ৩০০ মিলিয়ন ঘনফুট হচ্ছে।
সূত্রটি জানিয়েছে, আগামী ১৯ আগস্টের মধ্যে এ টার্মিনালের মেরামতকাজ সম্পন্ন হলে, সেখান থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে দৈনিক প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে।
স্বাভাবিক অবস্থায়, সামিট এলএনজি টার্মিনাল থেকে প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট এবং এক্সিলারেট এনার্জি পরিচালিত টার্মিনাল থেকে প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়ে থাকে। অর্থাৎ দুই টার্মিনাল সম্মিলিতভাবে দৈনিক গড়ে প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে। বর্তমানে, দুই টার্মিনাল মিলে দৈনিক প্রায় ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, এর মধ্যে সামিট গ্যাস সরবরাহ করছে ৪৬০ এবং এক্সিলারেট সরবরাহ করছে ৩০০ মিলিয়ন ঘনফুট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, আগামী ১৯ আগস্টের মধ্যে দুই টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে দৈনিক ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন