প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়া, হাজিপাড়া, মৌলভীপাড়া, পশ্চিম নামাপাড়া ও মালিরচর এলাকায় স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় ৫ হাজার একর কৃষিজমি দীর্ঘ সময় ধরে জলাবদ্ধ হয়ে রয়েছে। এতে ফসল আবাদ ব্যাহত হওয়ায় স্থানীয় কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পানি জমে থাকার কারণে কৃষিকাজ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি, যাতায়াত ও দৈনন্দিন জীবনে এলাকাবাসীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ পরিস্থিতিতে, গত শনিবার বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম তালুকদার শাকিল জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীদের সঙ্গে কথা বলে দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এর ২৪ ঘণ্টার মধ্যেই, রোববার তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে পানি নিষ্কাশনের পথ পরিষ্কার ও কচুরিপানা অপসারণের কাজ শুরু করেন। এ সময়, তিনি নিজেও পানিতে নেমে কার্যক্রমে অংশ নেন।
স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আফসার আলী জানান, দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে তাঁরা চরম দুর্ভোগে ছিলেন। কিন্তু এখন পানি নিষ্কাশনের কাজ শুরু হওয়ায় তাঁদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত স্থায়ী সমাধান হলে কৃষিজমিতে আবারও চাষাবাদ শুরু করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছেন তাঁরা।
এ বিষয়ে সাইফুল ইসলাম তালুকদার শাকিল মন্তব্য করে বলেন, "কৃষকদের দুর্ভোগের কথা জেনে আমি সরেজমিনে এলাকা পরিদর্শন করেছি। আপাতত জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন