প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বান্দরবান, ১৬ নভেম্বর, ২০২৬ : দুর্গম পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছয় বাংলাদেশি নাগরিক এবং তাদের সঙ্গে থাকা দুই স্থানীয় পথপ্রদর্শককে আটক করেছে। আটককৃতদের মধ্যে ম্রো সম্প্রদায়ের দুই সদস্যও রয়েছেন।
রোববার রাত ১১টার দিকে ত্রিদেশীয় সীমান্তের ২৩/৩৪ নম্বর পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) তাদের আটক করে। আটক হওয়া ছয় বাংলাদেশির মধ্যে আছেন—ঝিনাইদহের মো. আব্দুল আহাদ (২২), বরগুনার মো. হাসান সিহাব (২৮), ঢাকার মো. নাহিদ হাসান আশিক (৩৩), এস ইসলাম সোহেল (৩৮), ভোলার মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের মো. মিনহাজুর রহমান সানি (২৬)।
স্থানীয় দুই পথপ্রদর্শক হলেন লংওয়াং মুরং (২৫) ও তনয় মুরং (৩০), যাঁরাও ম্রো সম্প্রদায়ের সদস্য। আজ সোমবার বিকেল ৩টায় রুমা-৯ ব্যাটালিয়নের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার।
সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, গত ৫ নভেম্বর দেশের বিভিন্ন জেলা থেকে আসা ছয় বাংলাদেশি এবং স্থানীয় দুই পথপ্রদর্শক থানচি হয়ে ত্রিদেশীয় সীমান্ত এলাকায় প্রবেশ করেন। পরে তারা সীমান্ত অতিক্রম করে শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন।
তাদের সন্দেহজনক কর্মকাণ্ড নজরে আসার পর বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে রাতের বেলায় ২৩/৩৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে আটজনকে আটক করেন। পরে তাদের রুমা বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।
আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় দুর্গম পাহাড়ে অবস্থান ও রাত্রিযাপন উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি, তাবু সহ বিভিন্ন সরঞ্জাম। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার বলেন, আটক ব্যক্তিরা বেশ কয়েক দিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ছয় বাংলাদেশি ও স্থানীয় দুই পথপ্রদর্শককে আটক করা হয়েছে।
তারা কেন সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবস্থান করছিলেন এবং কোনো সশস্ত্র সংগঠনের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে কি না, তা পুলিশের তদন্তে বিস্তারিত জানা যাবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে রুমা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন নুর মো. নাহিয়ান ইসলাম, কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী এবং অনারারি সহকারী পরিচালক শ্রী সরোজ কুমার সাহা সহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন