প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তান অপারেশন সিঁদুরের সময় ভারতের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাহাওয়ালপুরের বিশাল মারকাজ ‘সুবহানাল্লাহ কমপ্লেক্স’ পুনর্নির্মাণ করেছে। রবিবার (২৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
সংবাদ মাধ্যমটি জানায়, তাদের হাতে আসা ছবি ও গোয়েন্দা তথ্য এ বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ (জেইএম)-এর বাহাওয়ালপুরের সদর দপ্তর নতুন করে সক্রিয় হয়ে উঠছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা এই সংগঠনের প্রতি ইসলামাবাদের অব্যাহত সুরক্ষা ও পৃষ্ঠপোষকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
অপারেশন সিঁদুরের সময় ক্ষেপণাস্ত্র হামলায় কমপ্লেক্সটির বিভিন্ন অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এনডিটিভির দাবি, তাদের হাতে আসা ছবিতে দেখা গেছে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে নতুন নির্মাণকাজ, প্লাস্টার, রং ও পালিশ করা মার্বেল ব্যবহার করা হয়েছে।
পুনর্নির্মাণের ফলে হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির অনেক দৃশ্যমান চিহ্নই মুছে ফেলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় হলের যেসব অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, সেগুলোও সংস্কার করা হয়েছে। গর্তগুলো ভরাট করা হয়েছে এবং কাঠামোর ক্ষতিগ্রস্ত অংশ পুনরুদ্ধার করা হয়েছে।
একসময় হামলায় বিধ্বস্ত দেখানো স্থাপনাটি এখন আবার জেইএমের কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।
এনডিটিভির প্রতিবেদনের গোয়েন্দা তথ্য অনুযায়ী, পাকিস্তানি প্রশাসন কিস্তিতে নগদ অর্থের মাধ্যমে জইশকে ২৫ কোটি পাকিস্তানি রুপি দিয়েছে। এর মধ্যে প্রায় ১১ কোটি রুপি কেন্দ্রীয় হল পুনর্নির্মাণে ব্যয় করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ৭ মে পেহেলগামে হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। ভারতের দাবি, পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। পাল্টাপাল্টি হামলায় চার দিন ধরে দুই দেশের মধ্যে তীব্র সামরিক সংঘাত চলে। ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে এ সংঘাতের অবসান হয়। তবে হামলায় কার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে ভারত ও পাকিস্তানের দাবিতে বড় পার্থক্য রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন