প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুনিয়র এশিয়া কাপ হকির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল পাকিস্তানের বিরুদ্ধে ৩-০ গোলে পরাজিত হয়েছে। এই পরাজয়ের ফলে টুর্নামেন্টের পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে অংশ নিতে হবে যুবারা। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে জাপান।
বুধবার চীনের মোকি শহরে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ শুরুতেই দুই গোল হজম করে। প্রথম কোয়ার্টারের শুরুতেই পাকিস্তান এগিয়ে যায়। ৯ মিনিটে রানা ওয়ালিদের ফিল্ড গোলে পাকিস্তান প্রথম গোলটি করে, এরপর ১২ মিনিটে আবারও গোল করেন তিনি।
দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ নিজেদের রক্ষণ সামলে লড়াইয়ে ফেরার চেষ্টা করে। পাকিস্তানের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি গোলের সুযোগ তৈরির চেষ্টা করলেও লাল-সবুজের প্রতিনিধিরা স্কোরলাইনে পরিবর্তন আনতে ব্যর্থ হয়।
৫২ মিনিটে পাকিস্তান বাংলাদেশের প্রতিরোধ ভাঙতে সক্ষম হয়। মোস্তফা গুলাম ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে পরাজিত হয়েছিল।
গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের বিরুদ্ধে ৪-২ গোলের ব্যবধানে জয়লাভ করার পর আজ আবার হারের তিক্ত স্বাদ পেল তারা।
শুক্রবার জাপানের বিরুদ্ধে শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচ জিতলে যুব বিশ্বকাপে খেলার টিকিট পাবে তারা।
জাপান ম্যাচকে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ মওদুদুর রহমান শুভ ডু অর ডাই হিসেবে দেখছেন। তিনি বলেন, "আমরা জাপানের বিপক্ষে জয় ছাড়া আর কিছু ভাবছি না। শেষ ম্যাচে কোনো ভুল করা যাবে না। আমরা আশাবাদী। এখনো টিকে আছি এবং জাপানকে হারিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করার চেষ্টা করব।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন