প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের সার্বভৌমত্ব, আইন-শৃঙ্খলা এবং শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষকসমাজের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ র্যালির আয়োজন করা হয়েছে। ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. শওকাত আলী জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ সকল আত্মোৎসর্গকারীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণ এবং অলিখিত ধর্মঘট ডেকে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ও জনজীবনের স্বস্তি বিনষ্ট করার যে অপচেষ্টা চলছে, দেশের ছাত্র-জনতা ও শিক্ষকসমাজ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। উপাচার্য আরও উল্লেখ করেন, জুলাই পরবর্তী সময়ে বেরোবিতে কোনো সেশনজট নেই এবং একাডেমিক ও গবেষণা কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। এই স্বাভাবিক ও সৃষ্টিশীল পরিবেশ নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। তিনি অপশক্তির প্ররোচনায় পা না দিয়ে তরুণ শিক্ষার্থীদের দেশ ও সমাজ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ মাসুদ রানা, প্রক্টর মোঃ ইসমাইল হোসেন, বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোঃ হারুন-আল-রশীদ, শহীদ ফেলানী হলের প্রভোস্ট ড. মোহ্সীনা আহ্সান, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এ. টি. এম জিন্নাতুল বাসারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। বক্তারা ক্যাম্পাসে যেকোনো ধরনের নৈরাজ্য ও বৈষম্য রুখে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মানববন্ধন শেষে উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিবাদ র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন