প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক সভা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের কান্দি এমইউ আলিম মাদ্রাসায় ‘যৌন স্বাস্থ্য অধিকার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী তরুণ-তরুণী অংশ নেন।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ হেলথ ওয়াচ ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় আয়োজিত সভায় তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে যৌন স্বাস্থ্য, অধিকার, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
সভায় যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. সামিয়া সানজানা। তিনি বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, স্বাস্থ্যবিধি এবং ব্যক্তিগত নিরাপত্তা ও অধিকার সম্পর্কে তরুণ-তরুণীদের তথ্যভিত্তিক ধারণা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য মাহবুবল কিবরিয়া চৌধুরী হেলিম, কান্দি এমইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আজিম উদ্দিন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য আব্দুল হাই এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগম।
বক্তারা বলেন, স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সঠিক তথ্যের অভাব তরুণদের নানা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন পর্যায়ে এ বিষয়ে খোলামেলা ও তথ্যভিত্তিক আলোচনা বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুম ইবনে জয়নাল। সভার ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিনিধি অলিভিয়া আক্তার এবং জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্য শুভ রজক ও সুশান্ত পাল।
তরুণ-তরুণীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য ও অধিকার বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত উঠে আসে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আলোচনা তরুণদের সঠিক তথ্য জানার সুযোগ তৈরি করার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন