বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:১৩ এম
ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্য, বিশ্বকাপ জয় এবং কোচ হিসেবে অনন্য সাফল্য—এই সবকিছু মিলিয়ে জিনেদিন জিদানের জীবন এবার বড় পর্দায় উঠে আসার সম্ভাবনা রয়েছে। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচকে নিয়ে একটি জীবনীভিত্তিক সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের শুরুতে ছবিটির শুটিং শুরু হতে পারে।
ফরাসি সংবাদমাধ্যম লা প্রোভঁসের উদ্ধৃতি দিয়ে ফুট মারকাতো ও লে প্যারিসিয়াঁ জানিয়েছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে মার্সেই ও আশপাশের এলাকায় শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ছবিতে জিদানের শৈশব থেকে শুরু করে বিশ্বফুটবলের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে ওঠার কাহিনী তুলে ধরার কথা রয়েছে।
এখন পর্যন্ত মার্সেই অঞ্চলে শিশু ও তরুণ অভিনয়শিল্পী খুঁজতে কাস্টিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ধারণা করা হচ্ছে, ছবিতে জিদানের শৈশব এবং বেড়ে ওঠার পরিবেশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ফরাসি ফুটবলের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের চরিত্রে অভিনয়শিল্পী খোঁজার কথাও জানানো হয়েছে কাস্টিং বিজ্ঞপ্তিতে। তাঁদের মধ্যে সাবেক ফরাসি কোচ আইমে জাকেত এবং জিদানের সাবেক জাতীয় দলের সতীর্থদের সঙ্গে সম্পর্কিত চরিত্রও অন্তর্ভুক্ত রয়েছে।
মার্সেইয়ের লা কাস্তেলান এলাকায় বেড়ে ওঠা জিদান পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন কান ক্লাবে। পরবর্তীতে তিনি বোর্দো, জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন। ১৯৯৮ সালে তিনি ব্যালন ডি’অর জয়ের পাশাপাশি ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান নায়ক ছিলেন।
জিদানের খেলোয়াড়ি জীবন শেষ হলেও ফুটবলে তাঁর সাফল্যের গল্প থেমে থাকেনি। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তিনি টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জয়ের বিরল কীর্তি গড়েন। পরবর্তীতে আবারও রিয়ালের দায়িত্ব নিয়ে ক্লাবটির হয়ে আরও কিছু ঘরোয়া শিরোপা জেতেন।
জিদানের জীবনের এই দীর্ঘ পথচলা—মার্সেইয়ের সাধারণ এক পাড়া থেকে বিশ্বফুটবলের শীর্ষে পৌঁছানো এবং কোচ হিসেবে ইতিহাস গড়া—সিনেমার মূল উপজীব্য হতে পারে। তবে নির্মাতা, অভিনয়শিল্পী কিংবা মুক্তির তারিখ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রতিবেদন অনুযায়ী, আপাতত ২০২৭ সালের প্রথম প্রান্তিকে শুটিং শুরুর প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া এলাকার ২৬টি স্থানে বিদ্যুৎ সরবরাহ টানা ৯ ঘণ্টা বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ বুধবার (২৫ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কলাতিয়া জোনাল অফিসের আওতাধীন কলাতিয়া উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার এলাকাগুলো হলো- সোনারটেক, রশিদপুর, নাজিরপুর, মুসিনোয়াদ্দা, পুরানকলাতিয়া, আল্লীনগর, ইমানদিপুর, সাধুপুর, বাহাদুল্লাহপুর, রঞ্জিতপুর, তারানগর, নিশানবাড়ী, ফতেনগর, বকশীপুর, আহাদীপুর, সৈয়দপুর, আসামদীপুর, মিরাজ আসামদীপুর, মিঠাপুর, সমশেরপুর, কলাতিয়া বাজার, আকছাইল, চরআকছাইল, পূর্বআকছাইল, আকছাইল নয়াহাটি ও গুয়াডুরী।
নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণ কাজ শেষে নির্ধারিত সময়ের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও কূটনৈতিক উপদেষ্টা জ্যারেড কুশনার গাজা পুনর্গঠন, ফিলিস্তিনিদের শাসনব্যবস্থা এবং মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা নিয়ে একাধিক মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেছেন, গাজা চুক্তি বাস্তবায়নের পথে ইসরাইলের নির্বাচন একটি বাধা হিসেবে কাজ করছে। একই সঙ্গে তিনি ইসরাইলকে যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। কুশনার গাজাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার পরিবর্তে নতুনভাবে গড়ে তোলার পক্ষে মত প্রকাশ করেছেন।
এমডি মিটস পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। সাক্ষাৎকারে কুশনার গাজার ভবিষ্যৎ পুনর্গঠন, ফিলিস্তিনি সমাজের শাসনব্যবস্থা, হামাসের সঙ্গে আলোচনা এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা নিয়ে কথা বলেন।
কুশনার বলেন, ইসরাইলের উচিত সব সময় যুদ্ধের পরিস্থিতির মধ্যে আটকে না থেকে অর্থনৈতিক কূটনীতির দিকে মনোযোগ দেওয়া। তার মতে, ইসরাইলকে ‘যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে আসতে’ হবে। তিনি জানান, গাজা চুক্তির ক্ষেত্রে ইসরাইলের নির্বাচন একটি ধাক্কা সৃষ্টি করেছে, যার ফলে চুক্তি বাস্তবায়নের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে।
গাজাকে নতুনভাবে গড়ার পরিকল্পনা
গাজার পুনর্গঠন নিয়ে কুশনারের বক্তব্য হলো, যুদ্ধের আগে অঞ্চলটি যেমন ছিল, ঠিক তেমন অবস্থায় ফিরিয়ে নেওয়ার প্রয়োজন নেই। বরং নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া উচিত। তিনি বলেন, ‘এটিকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার প্রয়োজন কেন? চলুন, একে নতুন কিছু হিসেবে গড়ে তুলি।’ গাজা পুনর্গঠনের জন্য ইতিমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে বলেও তিনি জানান। তার ভাষায়, ‘পুনর্গঠনের জন্য আমরা প্রচুর অর্থের সংস্থান করেছি।’
ফিলিস্তিনিদের ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়েও কুশনার আলোচনা করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের একটি দল নিজেদের সমাজ কীভাবে পুনর্গঠন করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা করছে। এ ক্ষেত্রে নতুন ধরনের নিয়ম ও আইন চালুর প্রস্তাব দেন তিনি। কুশনারের বক্তব্যে ফিলিস্তিনি সমাজের শাসনব্যবস্থায় পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে ফিলিস্তিনিদের নিজস্ব শাসনব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়টি এখনো বড় বাধা হিসেবে রয়েছে বলে মনে করেন তিনি।
গাজা সংকটের সমাধান হলে আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হতে পারে বলে কুশনার মনে করেন। তিনি বলেন, ‘আমরা যদি গাজার সমস্যার সমাধান করতে পারি, তাহলে সিনাইয়ে একসঙ্গে ডেটা সেন্টার ও জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে পারি।’ এই বক্তব্যের মাধ্যমে তিনি গাজা পুনর্গঠনের পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনার কথাও তুলে ধরেন।
দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে সরাসরি কোনো অঙ্গীকার করেননি কুশনার। তিনি বলেন, ‘আমার মনে হয়, এই মুহূর্তে আমরা কীভাবে সহাবস্থানের পথ বের করতে পারি, সেটির ওপরই মনোযোগ দিচ্ছি।’ তার মতে, ফিলিস্তিনিদের শাসনব্যবস্থা এখনো শান্তি প্রতিষ্ঠার পথে একটি বাধা হয়ে রয়েছে।
হামাসের সঙ্গে সরাসরি আলোচনার প্রয়োজনীয়তার পক্ষেও যুক্তি তুলে ধরেছেন কুশনার। তিনি প্রশ্ন করেন, ‘হামাসের সঙ্গে কথা না বলে কীভাবে এই যুদ্ধের অবসান ঘটাবেন?’ হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টিও আলোচনায় তুলে ধরেন তিনি। কুশনারের মতে, নিরস্ত্রীকরণের প্রক্রিয়া একবারে সম্পন্ন করার পরিবর্তে ধাপে ধাপে এগোতে হবে। প্রতিটি ধাপ বাস্তবে যাচাই করার মতো ব্যবস্থা থাকতে হবে।
কুশনারের বক্তব্যে গাজার পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ফিলিস্তিনি শাসনব্যবস্থার পরিবর্তন, হামাসের নিরস্ত্রীকরণ এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তবে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো পরিকল্পনা তুলে ধরেননি।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল, যা যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা। এই হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
বার্তা সংস্থা আনাদোলুর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-শাতি শরণার্থী শিবিরে একদল মানুষের ওপর ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এই হামলায় তিন ফিলিস্তিনি নিহত হন। এর আগে বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে গাজা সিটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় পৃথক হামলায় আরও তিনজন প্রাণ হারান।
আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ হতাহতের তথ্য প্রদান করেছে। বুধবার ইসরাইলি বাহিনীর আগের হামলাগুলোতে আরও সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। নিহতদের মধ্যে উত্তর গাজা গভর্নরেটের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ মাজেদ আবু আল-ওউফ, তার স্ত্রী এবং দুই কিশোরী মেয়ে অন্তর্ভুক্ত রয়েছেন। বুধবার ভোরে আল-শাতি শরণার্থী শিবিরে তাদের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়।
গাজায় যুদ্ধবিরতি ১০ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হয়েছে। তবে এরপরও ইসরাইলি বাহিনীর হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস মঙ্গলবার জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল ৬ হাজার ৪০৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব ঘটনায় অন্তত ১ হাজার ৬৯০ ফিলিস্তিনি নিহত, ৬ হাজার ১২০ জন আহত এবং ২২৩ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন শুরু হয়। এই আগ্রাসনের ফলে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মন্তব্য করেছেন যে, পাসপোর্ট বা পেট্রোপোল নাটকের কোনো সম্ভাবনা নেই এবং নিজের কর্মকাণ্ড ও দায়িত্বের কারণে গোপালগঞ্জের সিরিজেই আওয়ামী লীগ ইতিমধ্যে ‘হোয়াইট ওয়াশ’ হয়ে গেছে। সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও বিশ্লেষণে তিনি সমসাময়িক রাজনীতি, শেখ হাসিনার দেশে ফিরে আসা, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন।
ব্যারিস্টার ফুয়াদ দাবি করেন, আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে নিয়ে যে কোনো আলোচনা থাকুক, সেখানে ভারত জড়িত। তার মতে, ভারত ছাড়া পলাতক বা দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের করার কিছু নেই এবং তারা বর্তমানে দিল্লির কাছে জিম্মি হয়ে পড়েছে। জাতিসংঘের প্রতিবেদনের পর তারা সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনগুলোর প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, কিছু ভারতীয় সাংবাদিক ও সূত্র ব্যবহার করে 'মোজাম্মেল হক' বা 'আলী নাইম'-এর মতো কাল্পনিক চরিত্র তৈরি করে সংবাদ পরিবেশন করা হচ্ছে। এর মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার আত্মসমর্পণ বা বিমানে দেশে ফেরার বিষয়ে যে আলোচনা তৈরি করা হচ্ছে, তার পেছনে তিনটি সুনির্দিষ্ট বয়ান (ন্যারেটিভ) প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে তিনি মনে করেন।
ফুয়াদের বিশ্লেষণে সেই তিনটি বয়ান হলো-
১. দিল্লি প্রতিষ্ঠা করতে চায় যে শেখ হাসিনা দেশে ফিরতে চান এবং যেভাবে তাকে সামরিক বিমানে নিয়ে যাওয়া হয়েছিল, সেভাবেই ফেরত পাঠানো হোক; পাশাপাশি তাকে পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হোক।
২. বাংলাদেশ সরকার তাকে নিতে আগ্রহী নয়- এমন একটি ধারণা তৈরি করা।
৩. আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসন করা না হলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে, দেশ অস্থিতিশীল হয়ে পড়বে এবং ভারতের মতো দেশের সাথে সুসম্পর্কের সুফল থেকে বাংলাদেশ বঞ্চিত হবে।
তিনি অভিযোগ করেন, দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে এই বক্তব্যগুলোই বারবার প্রচার করা হচ্ছে।
গার্মেন্টস খাতের অস্থিরতা প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ দাবি করেন, মজুরি বোর্ড গঠনের পরও ভারত ও আওয়ামী লীগ মিলে আওয়ামী শ্রমিক নেতা ও সংগঠনগুলোকে ব্যবহার করে শ্রমিক অসন্তোষ উসকে দিয়েছে। তিনি উল্লেখ করেন, ঠিক এই সময়েই 'দ্য ইকোনমিস্ট'-এ বাংলাদেশের গার্মেন্টস খাতের অস্থিরতা নিয়ে পরপর দুটি নিবন্ধ প্রকাশিত হয়।
তিনি বলেন, বর্তমানে ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্যদিকে, পশ্চিমা দেশগুলোতে ক্রিসমাস, বক্সিং ডে ও নিউ ইয়ার উপলক্ষে ডিসেম্বর মাস হলো কেনাকাটার প্রধান মৌসুম এবং বাংলাদেশের গার্মেন্টস ব্যবসার ‘পিক টাইম’। ঠিক এই সময়ে সহিংসতা তৈরি করায় বিজিএমইএ-এর তথ্যমতে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার অর্ডার ইতিমধ্যে ভারত, কম্বোডিয়া ও ভিয়েতনামে চলে গেছে। এটিকে একটি পরিকল্পিত স্নায়ুযুদ্ধ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, জনগণের দৃষ্টি গোপালগঞ্জের দিকে আটকে রেখে অর্থনৈতিকভাবে এই ক্ষতি সাধন করা হচ্ছে।
শেখ হাসিনার পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্ট চাওয়ার বিষয়টিকে 'অজুহাত' হিসেবে অভিহিত করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, যাওয়ার সময় তিনি বলেছিলেন 'শেখ হাসিনা পালায় না', কিন্তু বাস্তবে কোনো পাসপোর্ট, ভিসা, কূটনৈতিক প্রোটোকল বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই বিমানবাহিনীর সি-১৩০ বিমানে করে তিনি দিল্লি চলে যান। এই পুরো প্রক্রিয়ায় জড়িত বাংলাদেশের ৫-১০ জন কর্মকর্তাকে সংসদীয় স্থায়ী কমিটিতে এনে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান তিনি।
এছাড়া, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন কাদের পরামর্শে বা এখতিয়ারে ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া ৬৫০ জন আওয়ামী লীগ নেতাকে আইনের আওতায় না এনে ছেড়ে দেওয়া হলো, সে প্রশ্নও তোলেন তিনি। গোপালগঞ্জকেন্দ্রিক সাম্প্রতিক অভিযানে অনেক হাই-প্রোফাইল নেতা গ্রেপ্তার হলেও এখনো অনেকে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়ে আছেন বলে তিনি শুনতে পাচ্ছেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে দুটি পথ খোলা আছে। প্রথমত, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুযায়ী তাকে ফেরত চাওয়া হয়েছে, যা ভারত বিবেচনাধীন রেখেছে বলে জানিয়েছে। দ্বিতীয়ত, তিনি চাইলে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে আত্মসমর্পণ করতে পারেন। হাইকমিশন প্রতিটি রাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডের মতোই; সেখানে গিয়ে আত্মসমর্পণ করলে ছবি, বায়োমেট্রিক্স ও ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাকে ওয়ান-ওয়ে ট্রাভেল পাস দিয়ে ঢাকায় এনে গ্রেপ্তার দেখানো যাবে। এরপর আদালতে তার কোনো আইনি সুযোগ থাকলে তিনি তা লড়তে পারবেন, অন্যথায় আদালতের রায় কার্যকর হবে।
এ প্রসঙ্গে তিনি উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এবং পেরুর সাবেক প্রধানমন্ত্রী আলবার্তো ফুজিমোরির উদাহরণ টানেন। তিনি উল্লেখ করেন, জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনে ইকুয়েডর দূতাবাসে সাত বছর আশ্রয়ে থাকার পর 'গিল্টি প্লি' ও 'প্লি বার্গেন'-এর মাধ্যমে আত্মসমর্পণ করে যুক্তরাষ্ট্রে যান এবং কারাভোগ শেষে মুক্ত হন। একইভাবে গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত পেরুর সাবেক প্রধানমন্ত্রী আলবার্তো ফুজিমোরি জাপানে আশ্রয় নেওয়ার পর প্রত্যর্পণ চুক্তিতে হস্তান্তর না হলেও পরবর্তীতে চিলি হয়ে পেরুতে গিয়ে আত্মসমর্পণ ও কারাভোগ করেছিলেন। ফুয়াদ বলেন, শেখ হাসিনাও চাইলে 'গিল্টি প্লি' ও 'প্লি বার্গেন'-এর মাধ্যমে আত্মসমর্পণ করে সরকারের সাথে আলোচনার পথ বেছে নিতে পারেন।
পেট্রাপোল সীমান্তে নেতাকর্মীদের যাতায়াত এবং শামীম ওসমানের অসুস্থতার খবরের সমালোচনা করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ডিসেম্বরে দেশে ফেরার কথা থাকলেও শোনা যাচ্ছে শামীম ওসমান ক্যান্সারে আক্রান্ত এবং নেত্রী তাকে আসতে নিষেধ করেছেন। তিনি কটাক্ষ করে বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না; ডিসেম্বরে শুধু শীত এবং শীতের পাখি আসবে। তার মতে, শেখ হাসিনার সেই সাহস থাকলে ৫ আগস্ট তিনি গণভবনেই থাকতেন।
গত দুই সপ্তাহে আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে তাদের সাথে কোনো ধরনের সমঝোতা বা রিকনসিলিয়েশনের জায়গা অবশিষ্ট নেই বলে মন্তব্য করেন এবি পার্টির এই নেতা। তিনি বলেন, গোপালগঞ্জই ছিল আওয়ামী লীগের সর্বোচ্চ শক্তি প্রদর্শনের জায়গা, কিন্তু সেখানেই তারা পরাজিত হয়েছে এবং নিজেরা মারামারি ও খুনোখুনি করে একটি সন্ত্রাসী সংগঠনের তকমা প্রমাণ করেছে। এই স্পর্শকাতর পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সাথে সামাল দেওয়ার জন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরার খবরগুলো নিছক কল্পকাহিনী ও নাটক, যার চূড়ান্ত পরিণতি হবে হতাশা। বর্তমানে পলাতক ও সিম পরিবর্তন করে লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে যে ধরপাকড় চলছে, তা আগামীতে আরও জোরদার হবে এবং গত দুই-আড়াই বছরে তারা যে কিছুটা স্বস্তিতে ছিল, সেই পরিস্থিতি তাদের জন্য আরও কঠিন হয়ে উঠবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ