প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা, ২৪ অক্টোবর, ২০২৬ : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ দৃঢ় মনোবল নিয়ে পুনরায় নিজেদের গড়ে তুলেছে।
তিনি উল্লেখ করেন, জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলে মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে কাজ করতে চান। জন-আস্থা পুনরুদ্ধার এবং সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা কাজ করছেন।
আইজিপি আজ খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আওতাধীন এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধী সমাজের প্রতিনিধিগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইজিপি আরও বলেন, বিগত সতেরো বছরে পুলিশ এবং জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা নিরসন করাই তাদের লক্ষ্য।
তিনি জানান, বর্তমান সরকার মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে, যাতে সমাজে কোনো মাদক, চাঁদাবাজ বা কিশোর গ্যাং না থাকে। আইজিপি আশা প্রকাশ করেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এসব অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
পুলিশ প্রধান বলেন, বর্তমানে কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। বর্তমান সরকার এই কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার ওপর গুরুত্ব আরোপ করেছে। এ লক্ষ্যে কমিউনিটি পুলিশের কার্যক্রমকে একটি কাঠামোর মধ্যে পরিচালনার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।
আইজিপি সাংবাদিকদের সমাজের দর্পণ আখ্যায়িত করে বলেন, তারা কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সহযোগিতা করুন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠন সম্ভব হবে।
পরে আইজিপি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে খুলনাস্থ বিভিন্ন ইউনিটে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন