প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
॥ বিপুল ইসলাম ॥
লালমনিরহাট, ১১ নভেম্বর ২০২৬ সোনালি আঁশ পাটের সুদিন ফিরে এসেছে। বর্তমানে প্রতি মণ পাটের বিক্রির মূল্য ৫০০০ টাকা। পাটের চাহিদা ও দাম বৃদ্ধির ফলে জেলার পাট চাষিদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।
লালমনিরহাট সদর, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজার পরিদর্শন করে দেখা গেছে, মানভেদে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫ হাজার থেকে ৫ হাজার ১০০ টাকায়। মজুদদার, পাইকারি ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের মধ্যে পাট কেনার জন্য প্রতিযোগিতা থাকায় হাটগুলোতে এর সরবরাহ ও বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলাতেও পাটের দাম প্রায় একই পর্যায়ে রয়েছে।
এক সময় লালমনিরহাটের পাটচাষিরা সোনালি আঁশকে লোকসানের কারণ মনে করতেন। উৎপাদন খরচ তুলতে না পারায় অনেক কৃষক পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। তবে এবারে পরিস্থিতি ভিন্ন। বাজারে পাটের উচ্চমূল্য, ক্রেতাদের বাড়তি আগ্রহ এবং হাটে বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মুখে স্বস্তি ফিরেছে। উৎপাদন কিছুটা কম হলেও ভালো দাম পাওয়ায় লোকসানের আশঙ্কা কাটিয়ে লাভের মুখ দেখছেন চাষিরা।
কৃষক ও ব্যবসায়ীদের সাথে আলাপকালে জানা যায়, গত বছর একই সময়ে মানভেদে প্রতি মণ পাটের দাম ছিল সর্বোচ্চ ৩ হাজার ৬০০ টাকা। সে তুলনায় এবারে কৃষকরা প্রতি মণে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা বেশি পাচ্ছেন। পাটের এই মূল্যবৃদ্ধি কৃষকদের উৎপাদন ব্যয় ও ফলন ঘাটতির চাপ সামাল দিতে সহায়তা করছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৪ হাজার ১০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে ৪ হাজার ৪৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৫ হেক্টর বেশি। গত বছরের তুলনায় এবারে পাটের আবাদ বেড়েছে ৭৩০ হেক্টর। এ মৌসুমে জেলায় পাটের আঁশ উৎপাদিত হয়েছে ৮ হাজার ৮৫৭ মেট্রিক টন।
আবাদ বাড়লেও আবহাওয়াজনিত কারণে কিছু এলাকায় ফলন নিয়ে কৃষকদের হতাশা ছিল। তারা মনে করেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে অনেক স্থানে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে। সাধারণত ৭ থেকে ১৩ ফুট উচ্চতার পাটগাছ হলেও এবারে অনেক ক্ষেত্রেই গাছের উচ্চতা ২ থেকে ৫ ফুট কম হয়েছে। ফলে প্রতি বিঘা জমিতে গড়ে ৪০ থেকে ৬০ কেজি পর্যন্ত আঁশের উৎপাদন কমেছে। তবে বাজারে ভালো দাম পাওয়ায় সেই ঘাটতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।
লালমনিরহাট জেলা সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের কৃষক আফজাল হোসেন (৪৮) বাসস’কে জানান, অন্যান্য ফসলের তুলনায় এবারে পাটের দাম বেশ ভালো। তিনি বলেন, "পাঁচ মণ পাট ৫ হাজার টাকা মণ দরে বিক্রি করেছি। গত বছরের একই সময়ের তুলনায় এবারে প্রতি মণে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা বেশি দাম পাওয়া যাচ্ছে। এতে আমরা খুশি।"
সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের কৃষক আমজাদ হোসেন, গোকুন্ডা ইউনিয়নের আইয়ুব আলী এবং আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের কৃষক সফিকুল রহমানও একই অভিজ্ঞতার কথা জানান। তারা বলেন, "অতিবৃষ্টি ও বন্যায় ফলন কমলেও বাজারে ভালো দাম থাকায় পাট চাষে এবারে আর্থিক স্বস্তি এসেছে।"
কালীগঞ্জ উপজেলার কৃষক আলী হোসেন (৭০) বাসস’কে বলেন, "এবার সোয়া তিন বিঘা জমিতে পাটের আবাদ করেছি। বর্ষার পানি থাকায় পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোর কাজে খুব বেশি ভোগান্তি হয়নি। পর্যাপ্ত পানি থাকায় পরিবহন খরচও কমেছে। পাটের রংও ভালো হয়েছে। ফলন খুব বেশি না হলেও ভালো দাম পাওয়ায় আমরা সন্তুষ্ট।"
পাটের বাজারে বাড়তি চাহিদার বিষয়টি ব্যবসায়ীরাও নিশ্চিত করেছেন। রংপুর ও কুড়িগ্রামসহ বিভিন্ন এলাকার হাটবাজারে পাট কেনাবেচা করেন ব্যবসায়ী কার্তিক পাল (৬২)। তিনি বাসসকে জানান, "লালমনিরহাটের পাটের মান বরাবরই ভালো। এবারে ভালো দাম থাকায় বড়বাড়ী হাটে পাটের সরবরাহ ও বেচাকেনা বেড়েছে। মানভেদে ভালো দামে পাট কিনেছি। কৃষকেরা ভালো দাম পাচ্ছেন, তাদের মুখেও হাসি দেখা যাচ্ছে।"
বড়বাড়ী হাটের পাটের ইজারাদার কবির হোসেন বাসসকে বলেন, "গত বছরের তুলনায় এবারে পাটের দাম ভালো। ভালো দাম পাওয়ায় কৃষকেরা আগ্রহ নিয়ে পাট বাজারে আনছেন। এতে হাটে পাটের সরবরাহ ও বেচাকেনা বেড়েছে। সামনে দাম আরও বাড়তে পারে বলেও ব্যবসায়ীদের মধ্যে আশা জেগেছে।"
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বাসসকে জানান, "অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় পাটের উৎপাদন কমলেও জেলার অধিকাংশ স্থানে সন্তোষজনক ফলন হয়েছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। কৃষকদের সহায়তায় উন্নতমানের বীজ ও কৃষি উপকরণ সরবরাহসহ উৎপাদন বৃদ্ধি এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন