প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের সমুদ্রসীমা, বঙ্গোপসাগর এবং উপকূলীয় সম্পদকে কেন্দ্র করে শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরির উদ্দেশ্যে কক্সবাজারে 'ব্লুইকনোমী সাইন্স এন্ড টেকনোলজী' নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাডে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, "বাংলাদেশের বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে বিপুল সম্ভাবনাময় সামুদ্রিক সম্পদকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগানোর জন্য বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং দক্ষ মানবসম্পদ প্রয়োজন।" তিনি বলেন, কক্সবাজারে UBEST-ইউবিইএসটি নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জাতীয় স্বার্থে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে।
চিঠিতে আরও বলা হয়েছে, নতুন বিশ্ববিদ্যালয় শূন্য থেকে প্রতিষ্ঠা করতে দীর্ঘ সময়, বিপুল অর্থ এবং প্রয়োজনীয় অবকাঠামো প্রয়োজন হয়। বাস্তবতার প্রেক্ষিতে কক্সবাজারে অবস্থিত 'বাংলাদেশ ওশানগ্রাফিক রিচার্স ইনস্টিটি- Bangladesh Oceanographic Research Institute (BORI)-এর বিদ্যমান অবকাঠামো, ল্যাবরেটরি, গবেষণা-সুবিধা, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রশিক্ষণ পরিবেশ এবং উপকূলভিত্তিক গবেষণার কাঠামো ব্যবহার করে UBEST-ইউবিইএসটি -এর প্রাথমিক একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত চালু করা সম্ভব হবে।
এতে উল্লেখ করা হয়, BORI-কে একটি জাতীয় সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কক্সবাজারে প্রতিষ্ঠিত করা হয়েছে। এর বিদ্যমান সুবিধা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকোয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য (Data), পর্যটন ও হসপিটালিটি-সংক্রান্ত বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
চিঠিতে বলা হয়েছে, এর ফলে দীর্ঘমেয়াদি অবকাঠামো নির্মাণের জন্য অপেক্ষা না করেই একটি গবেষণামুখী, ব্যবহারিক ও বাস্তবতাভিত্তিক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত শুরু করা সম্ভব হবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে ব্লু ইকোনমি-সংক্রান্ত বিদ্যমান গবেষণা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং দেশের ব্লু ইকোনমি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে উঠবে।
এই লক্ষ্যে কক্সবাজারে BORI-এর বিদ্যমান একাডেমিক ও গবেষণা-সুবিধার ওপর ভিত্তি করে University of Blue Economy Sciences and Technology (UBEST) নামে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সদয় সম্মতি কামনা করা হয়েছে।
আনন্দ-উচ্ছ্বাস কক্সবাজারবাসীর
কক্সবাজারে ব্লু ইকোনমি বিষয়ে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের খবর স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, ব্যবসায়ী, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি এবং সচেতন মহলে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে। তারা মনে করছেন, কক্সবাজারে এমন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সমুদ্র ও উপকূলীয় সম্পদভিত্তিক শিক্ষা ও গবেষণায় দেশের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
স্থানীয়দের মতে, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, বিশাল সমুদ্রসীমা, মৎস্যসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য, পর্যটন এবং উপকূলীয় অর্থনীতির কারণে কক্সবাজার একটি প্রাকৃতিক ‘ব্লু ইকোনমি হাব’। এখানে সমুদ্রভিত্তিক বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে স্থানীয় তরুণদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে এবং সমুদ্রসম্পদ, মৎস্য, পর্যটন, পরিবেশ ও সামুদ্রিক প্রযুক্তি নিয়ে দেশি-বিদেশি গবেষণার ক্ষেত্রও বিস্তৃত হবে।
সংশ্লিষ্টরা বলছেন, BORI-এর বিদ্যমান গবেষণা অবকাঠামোকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা গেলে একদিকে যেমন সময় ও ব্যয় কমবে, অন্যদিকে কক্সবাজারকে কেন্দ্র করে শিক্ষা, গবেষণা এবং নীল অর্থনীতির একটি আন্তর্জাতিক মানের কেন্দ্র গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
কক্সবাজারবাসীর প্রত্যাশা, প্রস্তাবটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে UBEST প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবে রূপ নেবে এবং সমুদ্রসম্পদনির্ভর বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে কক্সবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন