প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের এক তরুণী বিয়ের জন্য পাত্র খুঁজতে একটি নতুন পদ্ধতি গ্রহণ করেছেন। তিনি পরিবার, আত্মীয়স্বজন কিংবা ডেটিং অ্যাপের পরিবর্তে সম্ভাব্য জীবনসঙ্গীর সন্ধানে একটি তিন পাতার গুগল ফর্ম তৈরি করেছেন। এই ফর্মটির নামকরণ করা হয়েছে ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’। ইতিমধ্যে এই ফর্মে জমা পড়েছে ২৪১টি আবেদন!
৩৬ বছর বয়সী এরিন প্যাটারসন, যিনি নর্থ ক্যারোলিনার শার্লটের বাসিন্দা, বেশ কিছুদিন ধরে জীবনসঙ্গী খুঁজছিলেন। বিভিন্ন উপায়ে চেষ্টা করার পরেও যখন মনের মতো কাউকে খুঁজে পাননি, তখন তিনি প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেন।
এরিনের তৈরি গুগল ফর্মে সম্ভাব্য পাত্রদের কাছে নাম, বয়স, ফোন নম্বর ও পেশার মতো মৌলিক তথ্য জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি, জীবনযাপন, ভবিষ্যৎ পরিকল্পনা, বিয়ে, পরিবার ও সন্তান নেওয়ার বিষয়ে তাদের ভাবনাও জানতে চাওয়া হয়েছে। ফর্মে এমন একটি প্রশ্নও রয়েছে, যেখানে জানতে চাওয়া হয়েছে, যদি তারা কোনো একটি বিষয় নিয়ে টানা কয়েক ঘণ্টা কথা বলার সুযোগ পান, তবে তারা কী নিয়ে আলোচনা করতে চাইবেন।
সম্ভাব্য জীবনসঙ্গী নির্বাচনে নিজের পছন্দের বিষয়গুলোও স্পষ্ট করেছেন এরিন। তার শর্ত অনুযায়ী, পাত্রকে অবিবাহিত হতে হবে, বয়স হতে হবে ২৮ থেকে ৪৭ বছরের মধ্যে এবং খ্রিস্টান হতে হবে। বিয়ের পর সংসার করার পাশাপাশি সন্তান নেওয়ার ইচ্ছাও থাকতে হবে তার।
এরিন এমন একজন জীবনসঙ্গী খুঁজছেন, যিনি সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার। তিনি পছন্দের মানুষের সঙ্গে কফি কিংবা ডিনারে সময় কাটানো এবং দীর্ঘ কথোপকথনে আগ্রহী কাউকেই খুঁজছেন। অর্থাৎ, তার মূল লক্ষ্য হল বিয়ে করে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়া, নিছক ডেটিং নয়।
এই অভিনব উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, গুগল ফর্মে এখন পর্যন্ত ২৪১টি আবেদন জমা পড়েছে। এ ছাড়া, এরিনের কাছে সরাসরি প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৫০০টি বার্তাও এসেছে।
কেউ কেউ তার উদ্যোগকে সাহসী ও বাস্তবসম্মত বলে প্রশংসা করছেন, আবার কেউ বিষয়টিকে মজার ছলে দেখছেন। কিছু মানুষ নিজেরাও জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে এমন পদ্ধতি ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছেন।
প্রচলিত বিয়ের বায়োডাটার পরিবর্তে গুগল ফর্মে আবেদন নেওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগে এখন আলোচনায় রয়েছে এরিন প্যাটারসন। জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে প্রযুক্তির এই ব্যবহার তাকে মনের মতো মানুষ খুঁজে পেতে কতটা সহায়তা করে, সেটিই এখন দেখার বিষয়।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন