প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রমিকের অধিকার সুরক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিরোধের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন’-এর অভিষেক ও পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, একটি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও অগ্রগতির অন্যতম প্রধান শক্তি হলো দক্ষ, অভিজ্ঞ ও আন্তরিক কর্মীরা। বিএনপির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের আলোকে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, শ্রমিকের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং পর্যটন ও আতিথেয়তা খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এম রশিদুজ্জামান মিল্লাত কর্মীদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, কর্মীদের নিজেদের শুধুমাত্র কর্মচারী হিসেবে বিবেচনা করা উচিত নয়। প্রত্যেকেই ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সুনাম, ঐতিহ্য ও অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার।
মন্ত্রী কর্মীদের সমস্যা ও দাবি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে বলেন, কোনো ন্যায্য সমস্যা বা দাবি থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এসব দাবি উপস্থাপন করতে হবে। বিরোধ নয়, পারস্পরিক সহযোগিতা এবং বৈরিতা নয়, সৌহার্দ্যের নীতিতে এগিয়ে গেলে শ্রমিকের অধিকার যেমন সুরক্ষিত হবে, তেমনি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য ও কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।
নবনির্বাচিত ইউনিয়ন কমিটির প্রতি প্রত্যাশা জানিয়ে বিমানমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি ও ব্যবসায়িক সাফল্য অর্জনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে ইউনিয়নকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নবনির্বাচিত ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সার্ভিসেসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন