বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:১৩ পি.এম
ময়মনসিংহ, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ : বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি নতুন বাংলাদেশ গড়ার কাজ করছে। তিনি উল্লেখ করেন যে, এই বাংলাদেশে তরুণরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে সুযোগ সৃষ্টি করবে, যেখানে রাষ্ট্র জনগণের সেবক হিসেবে কাজ করবে এবং রাজনীতির মূল উদ্দেশ্য হবে মানুষের কল্যাণ।
আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজির ভিটা ইউনিয়নের বুরাঘাট চৌরাস্তায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স আরও বলেন, নির্বাচনের পূর্বে বিএনপি কোটি যুবকের কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন এখন সরকারের প্রধান রাজনৈতিক দায়িত্ব। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতির মধ্যেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য দেশে ও বিদেশে ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, যুবকদের উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসার সম্প্রসারণ, এবং নারী উদ্যোক্তাদের সহায়তার জন্য অর্থনৈতিক প্রণোদনা, নতুন কল কারখানা স্থাপন, বন্ধ কারখানা চালু, দেশ ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দ্রুত বিকাশ, কৃষিভিত্তিক শিল্প প্রবৃদ্ধি, আমদানি বিকল্প পণ্য তৈরি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় নারী উদ্যোক্তা, কুটির, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা, এবং পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ তহবিল গঠন করা হয়েছে।
তরুণ সমাজকে তারেক রহমানের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, তিনি তরুণদের ভবিষ্যৎ নির্মাণের রাজনীতি করছেন। তার লক্ষ্য হচ্ছে প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি নয়, বরং কর্মসংস্থান, উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠা করা।
অনুষ্ঠানের আয়োজক ক্লাবের সভাপতি রাসেল মিয়ার সভাপতিত্বে হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সুরুজ্জামান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গনি প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে, ফ্রেন্ডস জোন ক্লাব আয়োজিত মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে বোয়ালমারা গ্রাম বনাম মন্ডল বাজার গ্রামের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মন্ডল বাজার গ্রাম চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে এমরান সালেহ প্রিন্স চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমসহ অন্যান্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ : সন্ত্রাসীদের হামলায় নিহত এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি ৫ সেপ্টেম্বর সাভারের বরদেশী পশ্চিমপাড়ায় দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় নিহত হন।
মরহুমের পরিবারের সদস্যরা আজ পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে আইজিপি পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তাদেরকে আর্থিক অনুদান প্রদান করেন।
আইজিপি এ সময় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "দায়িত্ব পালনকালে এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের আত্মত্যাগ পেশাগত কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত।" তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ পুলিশ সর্বদা তার অসামান্য অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
এছাড়া, তিনি পরিবারটিকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা প্রদান করেন এবং আলতাফের আত্মত্যাগকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক প্রাপ্তির যোগ্য বলে উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামীকাল আইন কর্মকর্তাদের জন্য নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, বাংলাদেশে প্রথমবারের মতো অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের জন্য নৈতিকতা সংক্রান্ত একটি উচ্চতর প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে। এই প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে জাতিসংঘ ও ইউএনডিপি’র সহায়তায়, যার শিরোনাম হলো 'বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিসের জন্য প্রসিকিউটরিয়াল এথিক্সের নীতি ও অনুশীলনকে শক্তিশালী করা'।
অ্যাটর্নি জেনারেল আরও জানান, এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হলো আইন কর্মকর্তাদের পেশাগত সততা, স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকারকে আরও শক্তিশালী করা। প্রশিক্ষণে দুর্নীতি, ঘুষ, দায়িত্বে অবহেলা, নথি গোপন করা অথবা বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের অনৈতিক প্রভাব বিস্তারের বিরুদ্ধে সর্বদা শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।
অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, এই প্রতিষ্ঠানে দুর্নীতি, ঘুষ, দায়িত্বে অবহেলা কিংবা বিচারপ্রক্রিয়ায় অনৈতিক হস্তক্ষেপের জন্য কোনো স্থান থাকবে না। তিনি বলেন, "আমাদের অঙ্গীকার—সততা, স্বাধীনতা, মানবিক মর্যাদা ও সমতার ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।"
ঢাকাস্থ হোটেল হলিডে ইন-এ প্রধান অতিথি হিসেবে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এই দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন অ্যাটর্নি-জেনারেল কার্যালয়ে কর্মরত ১৬০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সিদ্ধান্তের প্রেক্ষিতে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে সংস্থাটির বোর্ড। তবে, পুনর্নিয়োগের প্রস্তাবের বিপক্ষে একমাত্র ভোট দিয়েছেন টাটা ট্রাস্টের চেয়ারম্যান ও টাটা সন্সের বোর্ড সদস্য নোয়েল টাটা। এই তথ্যটি ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
চন্দ্রশেখরনের বয়স ৬৩ বছর এবং তার বর্তমান মেয়াদ ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।
এর আগে, গত ১২ অগস্ট চন্দ্রশেখরন নিজেই ঘোষণা করেছিলেন যে তিনি বর্তমান মেয়াদের পর তৃতীয়বারের মেয়াদের জন্য দায়িত্বে থাকবেন না এবং পদ থেকে সরে দাঁড়াবেন। কিন্তু রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলে পরিস্থিতির ব্যাপক পরিবর্তন ঘটে। এর পর ‘মনোনয়ন ও পারিশ্রমিক কমিটি’ চন্দ্রশেখরনকে তাঁর পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে।
প্রতিবেদনে আরও প্রকাশ করা হয়েছে, পর্ষদের বৈঠকে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের প্রস্তাবটির বিপক্ষে একমাত্র ডিরেক্টর হিসেবে ভোট দিয়েছেন টাটা ট্রাস্টের চেয়ারম্যান এবং টাটা সন্সের বোর্ড সদস্য নোয়েল টাটা।
নোয়েল টাটা শুরু থেকেই টাটা সন্সের শেয়ার বাজারে তালিকাভুক্তির বিরোধী। গত ফেব্রুয়ারি মাসে যখন চন্দ্রশেখরনের আগের মেয়াদ বাড়ানোর কথা ছিল, তখনও নোয়েল টাটা শেয়ার বাজারে তালিকাভুক্ত না করার শর্ত রেখেছিলেন।
এছাড়া, নোয়েল টাটার শ্বশুরবাড়ির প্রতিষ্ঠান ‘শাপুরজি পালনজি গ্রুপের’ কাছে টাটা সন্সের প্রায় ১৮ শতাংশ শেয়ার রয়েছে। তবে, প্রতিষ্ঠানটি টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পক্ষে অবস্থান নিয়ে আসছে।
টাটা সন্সের এ সিদ্ধান্তের মূলে রয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার একটি সাম্প্রতিক নির্দেশ। গত সপ্তাহে রিজার্ভ ব্যাংক, নন-ব্যাংকিং ফাইন্যানশিয়াল কম্পানি বা এনবিএফসি হিসেবে টাটা সন্সের রেজিস্ট্রেশন সারেন্ডারের আবেদন খারিজ করে দেয়।
আইন অনুযায়ী এনবিএফসি হিসেবে নথিভুক্ত থাকলে টাটা সন্সকে শেয়ার বাজারে লিস্টেড করা বাধ্যতামূলক। টাটা সন্স প্রায় ২১ হাজার কোটি টাকারও বেশি ঋণ পরিশোধ করে শেয়ার বাজার তালিকাভুক্তি এড়াতে চেয়েছিল। কিন্তু আরবিআই আবেদন খারিজ করে দেওয়ায় শেয়ার বাজারে তালিকাভুক্তির সম্ভাবনা পুনরায় জীবিত হয়ে ওঠে। এর ফলে ‘স্যার দোরাবজি টাটা ট্রাস্ট’-এর নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া আপাতত স্থগিত বা বাতিল হয়ে যাবে। আরবিআই-এর এই আইনি জটিলতার কারণে চন্দ্রশেখরনকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে, বোর্ড বৈঠকের ফলাফল বা সিদ্ধান্ত নিয়ে টাটা সন্স কিংবা টাটা ট্রাস্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার উৎসর্গীকৃত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক—এই কামনা করি।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ