প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ফলে অন্তত চারজন নিহত হয়েছেন এবং ১৫ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। হামলার পূর্বে কিয়েভের মেয়র শহরটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করেছিলেন।
এ হামলার ঘটনা ঘটে যখন জাতিসংঘের এক প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০২২ সালের এপ্রিল মাসের পর চলতি বছরের জুন মাসটি ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস হিসেবে চিহ্নিত হয়েছে। কারণ, মস্কো ইউক্রেনের বিভিন্ন শহর ও জনবসতিতে দূরপাল্লার হামলা বৃদ্ধি করেছে।
খবরটি বার্তা সংস্থা এএফপি’র।
কিয়েভের সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলায় চারজন নিহত হয়েছেন। শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানান, আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছে ১৩ ও ১৭ বছর বয়সী দুই কিশোরও।
হামলার শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মেয়র ক্লিচকো উল্লেখ করেন, ‘শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। সবাই নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন।’
এএফপির সাংবাদিকরাও কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, খুব অল্প সময়ের ব্যবধানে ১০টিরও বেশি বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের তীব্রতায় শহরের বিভিন্ন স্থানে গাড়ির অ্যালার্ম বাজতে শুরু করে।
অন্যদিকে, প্রায় সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার ভেতরে পাল্টা দূরপাল্লার হামলা বৃদ্ধি করেছে। কিয়েভের দাবি, এসব হামলার মাধ্যমে তারা মস্কোকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য চাপ সৃষ্টি করতে চায়।
এদিকে, রাশিয়ার একটি বড় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ শুক্রবার জানায়, রাতের হামলায় ভলগোগ্রাদে তাদের একটি লজিস্টিকস কেন্দ্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনায় হামলার ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা।
ইউক্রেনের অভিযোগ, ওয়াইল্ডবেরিজ তাদের স্থাপনায় ড্রোনের যন্ত্রাংশ সংরক্ষণ করে এবং রুশ সেনাবাহিনীকে সহায়তা দিয়ে আসছে। তবে এ অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের সময় উভয় পক্ষ একে অপরের ভূখণ্ডে দূরপাল্লার হামলা অব্যাহত রাখে।
বৈঠক শেষে জেলেনস্কি দাবি করেন, ট্রাম্প ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। তবে, ট্রাম্প এই বিষয়ে সংক্ষেপে মন্তব্য করে বলেন, ‘অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে’ এবং ‘বৈঠকটি খুবই ভালো হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন