প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড গ্যালারিতে দর্শকদের মাঠের খেলায় মনোযোগ ফিরিয়ে আনতে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। ঘরের মাঠে খেলা চলাকালীন মোবাইল ফোনের ব্যবহার যত কম হবে, দর্শকেরা তত বেশি পয়েন্ট অর্জন করবেন। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দর্শকদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
ডর্টমুন্ডের নিজস্ব অ্যাপে নতুন ‘ফ্যান মোড’ চালু করা হয়েছে। খেলা শুরুর আগে দর্শকেরা এই সুবিধাটি সক্রিয় করে ফোনের পর্দা বন্ধ রাখতে পারবেন। খেলা চলাকালীন প্রতি মিনিট ফোন বন্ধ থাকলে পয়েন্ট জমা হবে। বিরতির সময় ফোন ব্যবহার করা যাবে, তবে দ্বিতীয়ার্ধ শুরুর আগে আবার ফ্যান মোড চালু করে ফোন বন্ধ রাখতে হবে। শেষ বাঁশির সঙ্গে পয়েন্ট সংগ্রহও শেষ হয়ে যাবে।
পুরস্কার হিসেবে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দর্শকদের জন্য থাকবে খেলোয়াড়দের স্বাক্ষর করা ডর্টমুন্ডের জার্সি এবং ক্লাবের পণ্য কেনার জন্য উপহার কুপন। তবে এই উদ্যোগে অংশগ্রহণ সম্পূর্ণ ঐচ্ছিক। ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়নি; বরং দর্শকদের মাঠের খেলায় আরও বেশি মনোযোগী করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্যালারিতে মোবাইল ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাওয়ার কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৩ সালে এক হাজার নিয়মিত দর্শকের ওপর পরিচালিত একটি জরিপে দেখা যায়, ৬৩ শতাংশ দর্শক ম্যাচ চলাকালীন নিয়মিত মোবাইল ব্যবহার করেন। ডর্টমুন্ডের মতে, গ্যালারিতে ছবি তোলা, সরাসরি সম্প্রচার দেখা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অনেক দর্শক বিরক্ত হচ্ছেন।
ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে ৮১ হাজারের বেশি দর্শক একসঙ্গে ম্যাচ উপভোগ করেন। বিশেষ করে বিখ্যাত ‘ইয়েলো ওয়াল’-এর সমর্থন মাঠের পরিবেশের অন্যতম আকর্ষণ। ক্লাবটির প্রধান নির্বাহী কার্স্টেন ক্রামার মনে করেন, প্রযুক্তির ব্যবহার যেখানে প্রয়োজন নেই, সেখানে মাঠের সরাসরি আবেগ ও সম্মিলিত অভিজ্ঞতাকেই গুরুত্ব দেওয়া উচিত।
ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২৪ অক্টোবরের ঘরের ম্যাচ থেকেই এই নতুন ব্যবস্থা কার্যকর হচ্ছে। পরবর্তীতে ডর্টমুন্ডের সব ঘরের লিগ ম্যাচে এটি ব্যবহার করা হবে। ক্লাবটির লক্ষ্য শুধুমাত্র মোবাইল ব্যবহার কমানো নয়, বরং দর্শকদের মাঠের মুহূর্ত, উচ্ছ্বাস ও সমর্থনের সরাসরি অভিজ্ঞতার সঙ্গে পুনরায় যুক্ত করা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন