প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া গ্রামে তাঁদের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ ও ছয় বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভেদীকুড়া গ্রামের মো. আব্দুল খালেক ও ঝর্না খাতুনের ছেলে আজিজুল হক (২৩) ও হাবিল (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে তাঁদের বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে থানার এসআই হারুন, এসআই আজিজুল হাসানসহ পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানকালে আজিজুল হকের বসতঘরের মাচার নিচে আটটি বস্তায় ৮০ বোতল ভারতীয় আইকনিক হোয়াইট (ICONIQ WHITE) মদ পাওয়া যায়। অন্যদিকে, হাবিলের বসতঘরের সামনের লাকড়ির নিচে রাখা দুটি বস্তা থেকে একই ব্র্যান্ডের আরও ১৬ বোতল মদ উদ্ধার করা হয়। এ ছাড়া হাবিলের দেখানো মতে একটি বস্তা থেকে ছয় বোতল কিংফিশার স্ট্রং সুপার প্রিমিয়াম (KINGFISHER STRONG SUPER PREMIUM) বিয়ার উদ্ধার করা হয়।
পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা ১০২ বোতল মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ধোবাউড়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁদের আদালতে সোপর্দ করার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন