প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের উখিয়ার ইনানিতে অবস্থিত গ্যাসকূপের আগুন নেভানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। টানা ১৯ দিন ধরে জ্বলতে থাকা এই আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে ঘটনাস্থলে আনা হয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতি।
শনিবার (১৪ নভেম্বর) সকালে পেট্রোবাংলা, বুয়েট ও শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞদের একটি দল কূপটি পরিদর্শন করেছে। তবে, আগুন নেভানোর মূল কার্যক্রম কবে শুরু হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
শনিবার সকালে ইনানির ঘটনাস্থলে পৌঁছেছে ভারী ড্রিলিং পাইপ বা ২০ ইঞ্চি কেসিং, মোবাইল ক্রেন, ভারী জেনারেটর ও ব্লোআউট প্রিভেন্টরসহ অন্যান্য সরঞ্জাম। এসব সরঞ্জাম স্থাপন করে কূপের গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে আগুন নেভানোর পরিকল্পনা করছে বাপেক্স।
বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান জানান, "আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। ইতিমধ্যে ২০ ইঞ্চি কেসিং আনা হয়েছে। এটি বিদ্যমান কূপের ভেতরে স্থাপনের চেষ্টা করা হবে, যাতে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রিতভাবে বের করে আনা যায়।" এরপর সার্কুলেশন পদ্ধতিতে সিমেন্ট, মাড ও অন্যান্য রাসায়নিক ব্যবহার করে গ্যাসের প্রবাহ বন্ধ করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, "প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের কাজ শুরু হয়েছে। এ জন্য আরও অন্তত ১৫ থেকে ২০টি বড় পাইপ ও অন্যান্য সরঞ্জাম প্রয়োজন হবে। সব প্রস্তুতি শেষ করে মূল কার্যক্রম শুরু করা হবে। অপারেশন সফল হলে ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে।"
আগুন নেভানোর পর কূপটিতে গ্যাসের প্রকৃত মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা নিরূপণে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান জানান, "আগুন নিয়ন্ত্রণে আসার পর ভূতত্ত্ববিদ ও রিজার্ভার প্রকৌশলীরা কূপটি পরীক্ষা-নিরীক্ষা ও সার্ভে করবেন। সেখানে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদনের সম্ভাবনা থাকলে পরবর্তী সময়ে নতুন করে কূপ খননের উদ্যোগ নেয়া হতে পারে।"
তিনি বলেন, "বর্তমান কূপটি থেকে সরাসরি গ্যাস উৎপাদন সম্ভব নয়। এটি মূলত ছয় ইঞ্চি ব্যাসের একটি গর্ত। গ্যাস উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনসহ আরও কারিগরি কাজ করতে হবে। এ মুহূর্তে কূপটিতে কী পরিমাণ গ্যাসের মজুত রয়েছে কিংবা বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।"
গ্যাসের মজুত ও উৎপাদন নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের বিষয়ে তিনি বলেন, "এখানে গ্যাসের উপস্থিতি দেখা গেলেও এর প্রকৃত পরিমাণ, উৎপাদন সক্ষমতা কিংবা বাণিজ্যিক সম্ভাবনা এখনো নিশ্চিত নয়। পরীক্ষা-নিরীক্ষার পর এসব বিষয়ে জানা যাবে। আপাতত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আগুন নিয়ন্ত্রণে আনাই প্রধান লক্ষ্য।"
কূপে গ্যাসের লিকেজের আশঙ্কা রয়েছে কি-না, জানতে চাইলে তিনি বলেন, "মূল অপারেশন শুরু হলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।"
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন্স অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. সোয়েব বলেন, "এর আগে ১৫ দিন আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানানো হয়েছিল। আগুনের মাত্রা ও পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়ার পরিকল্পনা ছিল। সেই ধারাবাহিকতায় এখন আগুন নেভানোর পরিকল্পনা করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।"
তিনি বলেন, "আগুন নেভানোর পুরো কার্যক্রম পরিচালনা ও সম্পন্ন করবে বাপেক্স। এ বিষয়ে কারিগরি পরামর্শ ও প্রস্তুতি পর্যালোচনার জন্য বুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন অধ্যাপক, সেভরনের একজন ড্রিলিং বিশেষজ্ঞ এবং বাপেক্সের একজন ড্রিলিং বিশেষজ্ঞ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।"
বুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহরিয়ার মাহমুদ জানান, "তাদের এখানে আসার মূল উদ্দেশ্য গ্যাসের মজুত পর্যালোচনা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা। বাপেক্স কীভাবে নিরাপদে উচ্চচাপের মধ্যে থাকা বিপজ্জনক গ্যাস নিয়ন্ত্রণে আনতে পারে, সে বিষয়ে তাদের পরিকল্পনা সরেজমিনে পর্যবেক্ষণ করছেন তারা। এ বিষয়ে প্রয়োজনীয় কারিগরি পরামর্শও দেয়া হবে।"
পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, আগুন নেভানোর কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পরই কূপটির গ্যাসের মজুত ও উৎপাদন সম্ভাবনা নিয়ে পরবর্তী পরিকল্পনা করা হবে।
গত ২৭ অক্টোবর ইনানিতে নলকূপ স্থাপনের জন্য খনন করা একটি গর্ত থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু করে। পরে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর থেকে কূপটিতে আগুন জ্বলছে। দীর্ঘ ১৯ দিন ধরে আগুন জ্বলতে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আর ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি রেখেছে উপজেলা প্রশাসন। এখন কূপটির আগুন নেভাতে বাপেক্সের বিশেষ অভিযান শুরুর প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন