প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘হ্যালো ডিসি’তে অভিযোগ নেওয়ার পর ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে পাওয়া এই অভিযোগটি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কলাতিয়া বাজার ও আশপাশের এলাকার গৃহস্থালি বর্জ্য দীর্ঘদিন ধরে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে ফেলা হয়েছিল। এর ফলে সেখানে বড় ধরনের ময়লার স্তূপ তৈরি হয়েছে। দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি এটি পরিবেশকে দূষিত করছে।
কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত হওয়ার কারণে ময়লার স্তূপের কারণে শিক্ষার্থী, শিক্ষক, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে স্কুলে যাতায়াতের সময় শিক্ষার্থীদের ময়লা এবং দুর্গন্ধের মধ্যে দিয়ে চলাচল করতে হতো।
এ বিষয়ে ‘হ্যালো ডিসি’তে অভিযোগের মাধ্যমে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার ফলে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ করে স্থানটি পরিষ্কার করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সেখানে নিয়মিত ময়লা ফেলা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ‘হ্যালো ডিসি’তে অভিযোগের পর দ্রুত ময়লা অপসারণ করায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নাগরিকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে ‘হ্যালো ডিসি’ কার্যকর ভূমিকা পালন করছে। কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপের বিষয়টি অভিযোগের মাধ্যমে নজরে আসার পর সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরে সেখানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। যত্রতত্র ময়লা না ফেলতে স্থানীয়দের সচেতন হতে হবে। ‘হ্যালো ডিসি’র মাধ্যমে নাগরিকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন