প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইতালির সিসিলিতে একটি ফুটবল ম্যাচ চলাকালীন লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুম থেকে ছুরি হাতে মাঠে ফিরে এসে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে। এই ভয়াবহ ঘটনার কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজকরা পুলিশ ডাকতে বাধ্য হন। তবে এই ঘটনায় কেউ আহত হননি।
ঘটনাটি ঘটেছিল ইতালির তৃতীয় ডিভিশনের একটি অপেশাদার ফুটবল ম্যাচের সময়। গ্যালাকটিক পাওলিনি ও অ্যাথলেটিক পারতান্না মুখোমুখি হয়েছিল।
ম্যাচ চলাকালীন গ্যালাকটিক পাওলিনির ১০ নম্বর জার্সিধারী ফুটবলার ডেল পাওলিনি প্রতিপক্ষের বেঞ্চের সামনে অশালীন অঙ্গভঙ্গি করেন। এই কারণে প্রথমে তাকে হলুদ কার্ড দেখানো হয়। পরে তিনি প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে লাথি মারলে রেফারি ভিনসেঞ্জো পার্নিস তাকে সরাসরি লাল কার্ড দেখান।
পাওলিনিকে লাল কার্ড দেখানোর প্রতিবাদে গ্যালাকটিকের কোচ কালান্দ্রা রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাকেও লাল কার্ড দেখান রেফারি, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।
তবে ঘটনার ভয়াবহতা এরপর বাড়তে থাকে। লাল কার্ড দেখে ড্রেসিংরুমে চলে গেলেও কয়েক মিনিট পর ছুরি হাতে আবার মাঠে ফিরে আসেন পাওলিনি। অভিযোগ রয়েছে যে, তিনি প্রতিপক্ষ অ্যাথলেটিক পারতান্নার বেঞ্চের কাছে গিয়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখাতে থাকেন। এমনকি দলের এক কর্মকর্তার গলায় ছুরি ধরার অভিযোগও উঠেছে।
এই পরিস্থিতিতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে রেফারি ম্যাচ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে ঘটনাস্থলে পুলিশ ডাকা হয়।
এদিকে, ঘটনার পর ইতালি ফুটবল সংস্থার কাছে লিখিত অভিযোগ জানিয়েছে অ্যাথলেটিক পারতান্না। তারা ভবিষ্যতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ক্লাবটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন