প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নতুন সিনেমা ‘ইথা’র প্রস্তুতির মাধ্যমে শ্রদ্ধা কাপুর অভিনয়ের জন্য নিজেকে কতটা প্রস্তুত করতে পারেন, তার প্রমাণ পাওয়া গেছে। অভিনেত্রী টানা ২৫ দিন ধরে কঠোর অনুশীলন করেছেন, যাতে পর্দায় চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেন। প্রতিদিন প্রায় আট ঘণ্টা ধরে চলেছে নাচের মহড়া। এই সময়ের পুরোটা জুড়ে তিনি দুই পায়ে মোট আট কেজি ওজনের ঘুঙুর পরিহিত ছিলেন।
‘ইথা’ সিনেমায় শ্রদ্ধা অভিনয় করছেন মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী তামাশা ও লাবণী নৃত্যশিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের চরিত্রে। এই চরিত্রের জন্য তাকে বিশেষ নৃত্য প্রশিক্ষণ নিতে হয়েছে। সম্প্রতি পুণেতে ছবির গান ‘জি জি রে জি’র উদ্বোধনী অনুষ্ঠানে ছবিটির পরিচালক লক্ষ্মণ উতেকর শ্রদ্ধার কঠোর প্রস্তুতির কথা তুলে ধরেছেন।
পরিচালক লক্ষ্মণ উতেকর জানিয়েছেন, প্রতিটি গানের জন্য প্রায় ২৫ দিন ধরে অনুশীলন করেছেন শ্রদ্ধা। তিনি দুই পায়ে চার কেজি করে মোট আট কেজি ওজনের ঘুঙুর বেঁধে ঘণ্টার পর ঘণ্টা নাচের মহড়া দিয়েছেন। দীর্ঘ সময় এমন ভারী ঘুঙুর পরে অনুশীলন করায় একপর্যায়ে অভিনেত্রীর পা ফুলে যায়। তবে শারীরিক কষ্টের কাছে হার মানেননি শ্রদ্ধা। বরং তামাশা ও লাবণী নৃত্যের ধরন, ঐতিহ্য এবং গভীরতা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করেছেন। কিন্তু কঠোর প্রস্তুতির পর শুটিংয়ের সময়েও বাধার সম্মুখীন হতে হয় তাকে।
লক্ষ্মণ উতেকর জানিয়েছেন, গানের শুটিংয়ের প্রথম দিন ভালোভাবে কাটলেও দ্বিতীয় দিন পেশিতে চোট পান শ্রদ্ধা। ফলে সাময়িকভাবে শুটিং বন্ধ রাখতে হয়। পরিচালকের ভাষ্যে, কাজ বন্ধ হয়ে যাওয়ার চেয়েও বেশি কষ্ট পেয়েছিলেন শ্রদ্ধাকে কাঁদতে দেখে। কারণ, চোটের কারণে শুটিং চালিয়ে যেতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তবে প্রায় এক মাসের মধ্যে সুস্থ হয়ে আবার কাজে ফেরার জন্য প্রস্তুত হন তিনি।
শ্রদ্ধার নিষ্ঠা ও পরিশ্রমে মুগ্ধ পরিচালক লক্ষ্মণ উতেকর। তার মতে, ‘ইথা’ চরিত্রটির জন্য শ্রদ্ধার চেয়ে উপযুক্ত অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে আর কেউ হতেন না।
‘ইথা’ একটি জীবনীভিত্তিক সংগীতনির্ভর নাট্যধর্মী সিনেমা। মহারাষ্ট্রের বিখ্যাত তামাশা শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে ছবিটি। তিনি সমাজের নানা বাধা পেরিয়ে নিজের শিল্পের মাধ্যমে পরিচিতি অর্জন করেছিলেন। তার সেই সংগ্রাম ও সাফল্যের গল্প এবার বড় পর্দায় উঠে আসবে।
শ্রদ্ধা কাপুর ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান ও অনন্ত যোশী। সিনেমাটির মুক্তির তারিখ আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন