প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সময় কত দ্রুত বদলে যায়! তিন বছর আগে এই সপ্তাহে ইস্তাম্বুলের উত্তাল গ্যালারির সামনে গালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে প্রথম গোলটি করেছিলেন আলেহান্দ্রো গারনাচো, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। সেদিন তার সঙ্গে শুরুর একাদশে ছিলেন ভিক্টর লিন্ডেলফ ও অ্যারন ওয়ান-বিসাকা, যারা বর্তমানে অ্যাস্টন ভিলারও সতীর্থ।
গারনাচো তখন ছিলেন বিশ্ব ফুটবলের একটি উদীয়মান কিশোর তারকা। গুডিসন পার্কে অবিশ্বাস্য একটি বাইসাইকেল কিকে প্রিমিয়ার লিগের মৌসুম সেরা গোল করার পর, বক্সিং ডেতে এই অ্যাস্টন ভিলার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি।
ওয়েস্ট হ্যামের বিপক্ষে জোড়া গোল করার পর কোবি মাইনু ও রাসমুস হয়লুন্ডের সাথে উদযাপনের সেই আইকনিক ছবি কিংবা ওয়েম্বলিতে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জয়ের গোল—সব মিলিয়ে গারনাচোকে ভবিষ্যতের মহাতারকা হিসেবে ভাবা হচ্ছিল।
তবে তিন বছর পর এই সপ্তাহে গালাতাসারাইয়ের সেই র্যামস পার্কে অ্যাস্টন ভিলার স্কোয়াডে গারনাচোকে দেখা গেল না। চেলসিতে এক মৌসুম কাটিয়ে গত গ্রীষ্মে লোনে ভিলায় যোগ দেওয়া এই আর্জেন্টাইন উইঙ্গার দলের সাথে তুরস্কে ভ্রমণও করেননি। নিয়ম অনুযায়ী ১২ জন বদলি খেলোয়াড় রাখার সুযোগ থাকলেও কোচ উনাই এমেরি ১১ জন নিয়েই স্কোয়াড সাজিয়েছেন।
গারনাচো টানা তৃতীয় ম্যাচের মতো মূল স্কোয়াড থেকে বাদ পড়লেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচে মাত্র ৯৫ মিনিট এবং প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে মোটে ৩৪ মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি। ভিলার জার্সিতে এখনো কোনো ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি তার; সবশেষ গত মাসের শেষে ফুলহ্যামের বিপক্ষে মাত্র ৩ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন।
অ্যাস্টন ভিলায় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। গত মৌসুমে লিভারপুল থেকে ধারে আসা হার্ভে এলিয়টকেও পুরো মৌসুম দলের বাইরে বসিয়ে রাখা হয়েছিল। এবার গারনাচো একই ভাগ্য বরণ করছেন। সম্পর্কের অবনতির চূড়ান্ত প্রমাণ হিসেবে বুধবার গারনাচো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অ্যাস্টন ভিলার সব চিহ্ন ও ছবি মুছে ফেলেছেন। একসময় প্রশংসায় ভাসা এই প্রতিভাবান ফুটবলারের ক্যারিয়ারে এটি যেন এক নতুন তলানি।
গুঞ্জন উঠেছে, জানুয়ারির দলবদলের পর গারনাচো আদৌ ভিলায় থাকবেন কি না। এলিয়টের ক্ষেত্রে স্থায়ী চুক্তির শর্ত এড়াতে তার খেলার সময় কমিয়ে দেওয়া হয়েছিল, গারনাচোর ক্ষেত্রেও ক্লাবটি একই কৌশল নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
প্রায় ৪৩ মিলিয়ন পাউন্ডের শর্তসাপেক্ষ বাধ্যতামূলক কেনার (অবলিগেশন টু বাই) শর্তে তাকে দলে ভিড়িয়েছিল ভিলা, যা সম্ভবত নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলার ওপর শর্ত ছিল।
অ্যাস্টন ভিলার ক্ষমতার কাঠামোয় কোচ উনাই এমেরির কথাই শেষ কথা। তার ইচ্ছাতেই গত জুলাইয়ে গারনাচোকে দলে টেনেছিলেন ক্লাবের ফুটবল অপারেশনস প্রেসিডেন্ট রবার্তো ওলাবে। তখন এমেরি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সে খুবই প্রতিভাবান... আমরা তাকে পেয়ে সত্যিই আনন্দিত।’
কিন্তু অক্টোবরের শুরু থেকেই দৃশ্যপট বদলে যেতে থাকে। আন্তর্জাতিক বিরতিতে স্পেনে ভিলার অনুশীলন ক্যাম্পে সাউদাম্পটন ও সেভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করেছিলেন গারনাচো। তখন এমেরি তার উন্নতির প্রশংসা করে বলেন, ‘সে ভালো করছে এবং উন্নতি করছে।’
কিন্তু এরপর অজানা কারণেই এমেরির পরিকল্পনা থেকে পুরোপুরি ছিটকে গেছেন এই তরুণ উইঙ্গার। এখন তার ভবিষ্যৎ অনিশ্চিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন