প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাধবদীর এলাকায় পূর্বাচল প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের খালি জায়গায় স্থানীয় একদল লোকের বিরুদ্ধে রাতের আঁধারে শতাধিক চারা কর্তনের অভিযোগ উঠেছে। গত ২৬ জুন ওই আবাসন প্রকল্পে দুই হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছিল। কিন্তু তিন দিন পর, অর্থাৎ ২৯ জুন রাত তিনটার দিকে, মাধবদীর আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় এই গাছের চারাগুলো কেটে ফেলার ঘটনা ঘটে।এ ঘটনায় ২ জুলাই আবাসন প্রকল্পের স্টাফ রাজীব হোসেন মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ জানায়, ২৯ জুন রাতে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক প্রবাসী পল্লীতে প্রবেশ করে। তারা পোস্ট ক্যাম্পে ভাঙচুর চালিয়ে রোপণ করা শতাধিক ফলদ ও বনজ গাছের চারা কেটে ফেলেন। এই ঘটনায় জড়িত হিসেবে মোজাম্মেল, সিরাজুল, তাহারুল, মামুন, মাসুদ, ফিরোজ ও আমান- এই সাতজনকে ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতুলিয়া এলাকার বাসিন্দা এবং পার্শ্ববর্তী আবাসন প্রতিষ্ঠান পূর্বায়ন সিটিতে কর্মরত। এ ছাড়া আরও ১০-১২ জনের পরিচয় শনাক্ত হয়নি। আবাসন প্রকল্পের প্রজেক্ট স্টাফ রাজীব হোসেন বলেন, 'আমরা গাছের চারাগুলোর নিয়মিত পরিচর্যা করে আসছিলাম। হামলার সময় তারা ওই চারাগুলোও কেটে ফেলেছেন। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মাধবদী থানায় জিডি করি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমরা চাই, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নিক।' মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, 'আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতের আঁধারে গাছগুলো কাটা হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ একটি জিডি করেছে। যাদের নাম এসেছে, দ্রুত যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন