প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেম সম্মেলন। এই সম্মেলনটি আয়োজিত হচ্ছে আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের যৌথ উদ্যোগে।
সম্মেলনের এই দুই দিনের কার্যক্রমে গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং ইন্ডাস্ট্রি প্রফেশনালস কম্পিউটিংয়ের সাম্প্রতিক অগ্রগতি এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করবেন।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশিদও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল সকাল ৯টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন হবে।
উদ্বোধনী অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, এবারের সম্মেলনে মোট ৬১৬টি গবেষণাপত্র জমা পড়েছে, যার মধ্যে ২১২টি গবেষণাপত্র গৃহীত হয়েছে। গবেষণাপত্র গ্রহণের হার প্রায় ৩৪ দশমিক ৪ শতাংশ।
এছাড়া, সম্মেলনের আটটি গবেষণা ট্র্যাকে ইন্টেলিজেন্ট সিস্টেম, ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং, ভিজ্যুয়াল কম্পিউটিং, ডাটা অ্যানালাইসিস, সাইবার-ফিজিক্যাল ও এজ সিস্টেম, ডিস্ট্রিবিউটেড সিস্টেম ও নিরাপত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে এই সম্মেলনের টেকনিক্যাল সেশন এবং বাংলা একাডেমিতে কী-নোট ও প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের সমাপনী আগামী ১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন