প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিবিয়ার বেনগাজি বন্দরে রুশ যুদ্ধজাহাজে সাম্প্রতিক হামলার ফলে দেশটির বিভক্ত রাজনৈতিক অঙ্গনের দুই পক্ষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার (২২ নভেম্বর) রাতে বেনগাজি উপকূলে রুশ নৌবাহিনীর কর্ভেট জাহাজ 'মার্কুরি'তে ড্রোন হামলার দায় স্বীকার করেছেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ ও বিভক্তির পর লিবিয়াকে ঐক্যবদ্ধ করার যে নাজুক প্রচেষ্টা চলছে, এই প্রকাশ্য সামরিক হামলা তা বিপন্ন করতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির উভয় পক্ষের কর্মকর্তারা।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ার রাজনৈতিক নিয়ন্ত্রণ মূলত দুটি প্রতিদ্বন্দ্বী প্রশাসনের হাতে ভাগ হয়ে আছে। পশ্চিমাঞ্চলীয় শহর ত্রিপোলিতে অবস্থান করছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত 'গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটি' (জিএনইউ), যার নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা। অন্যদিকে পূর্বাঞ্চলীয় বেনগাজিতে সক্রিয় রয়েছে সামরিক কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন প্রশাসন ও তার অনুগত বাহিনী।
লিবিয়ায় রাশিয়া ও ইউক্রেনের উপস্থিতি : হাফতার দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছেন। অভিযোগ রয়েছে, মস্কো হাফতারের বাহিনীকে অস্ত্র, ভাড়াটে যোদ্ধা ও কূটনৈতিক সহায়তা দিয়ে পূর্বাঞ্চলে তার অবস্থান সুসংহত করতে সাহায্য করেছে। বিনিময়ে লিবিয়ার বন্দর, বিমানবন্দর, রসদ সরবরাহ ও স্থলপথ ব্যবহার করে সাহেল ও মধ্য আফ্রিকায় নিজেদের সামরিক ও কৌশলগত উপস্থিতি ধরে রেখেছে রাশিয়া। ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর ভূমধ্যসাগর ও আফ্রিকায় রাশিয়ার লজিস্টিক হাব হিসেবে পূর্ব লিবিয়ার গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করেন আটলান্টিক কাউন্সিলের গ্লোবাল সিকিউরিটির নন-রেসিডেন্ট ফেলো রুসলান ট্রাদ। বর্তমানে লিবিয়ায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ 'আফ্রিকা কর্পস'-সহ প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৮০০ রুশ সদস্য অবস্থান করছেন বলে ধারণা করা হয়।
অন্যদিকে, রাশিয়ার প্রভাবের ভারসাম্য রাখতে ত্রিপোলির জিএনইউ প্রশাসন তুরস্কের পাশাপাশি ইউক্রেনের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানানো একমাত্র আরব দেশ ছিল লিবিয়া। পরবর্তীতে জিএনইউ বাহিনীকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে ইউক্রেনীয় বাহিনীর উপস্থিতি তৈরি হয়। যদিও সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরে রুশ-সংশ্লিষ্ট জাহাজে একাধিক হামলার পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে মস্কো অভিযোগ করে আসছিল, তবে বেনগাজির হামলার দায় স্বীকারের মাধ্যমে ইউক্রেন প্রথমবারের মতো এ বিষয়ে সরাসরি অবস্থান স্পষ্ট করেছে।
ঐক্য প্রক্রিয়া ও সামনের শঙ্কা : ২০২৫ সাল থেকে লিবিয়ার বিবদমান দুই পক্ষের মধ্যে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান একীভূত করার উদ্যোগে কিছুটা অগ্রগতি দেখা যায়। গত এপ্রিলে এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো লিবিয়ায় অভিন্ন জাতীয় বাজেট পাস হয়। এরপর ৩০ আগস্ট জাতিসংঘের মধ্যস্থতায় একক নির্বাহী কর্তৃপক্ষের অধীনে আগামী ২৪ মাসের মধ্যে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজনে সম্মত হয় দুই পক্ষ।
দোহাভিত্তিক সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যানিটারিয়ান স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো স্যামসন মিল্টন মনে করেন, এই কাঠামোটি সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক সমাধানের সবচেয়ে স্পষ্ট সুযোগ তৈরি করেছে এবং কেবল বেনগাজির হামলাতেই এই আলোচনা ভেস্তে যাবে বলে তিনি মনে করেন না। লিবীয় রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক ওসামা কুব্বারও মনে করেন, এটি ইউক্রেনের স্বতন্ত্র পদক্ষেপ হলে পুনরেকত্রীকরণ প্রক্রিয়ায় বড় ধরনের ব্যাঘাত নাও ঘটতে পারে।
তবে বিশ্লেষকদের বড় অংশ সতর্ক করেছেন, এই ঘটনায় রাশিয়া ও হাফতার পরিবার উভয়ই পাল্টা প্রতিক্রিয়া বা প্রতিশোধ নেওয়ার চাপে পড়বে। জাতিসংঘের চুক্তির আওতায় গঠিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের সদস্য মুসা আল-কোনি এই হামলাকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' আখ্যা দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলারসহ কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ত্রিপোলি ও বেনগাজি—উভয় প্রশাসনই জানিয়েছেন, তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে লিবিয়ার উপকূলে টেনে আনতে চায় না। ফলে লিবিয়ায় ইউক্রেনের উপস্থিতি ও কর্মকাণ্ডের পরিসর ভবিষ্যতে সংকুচিত হওয়ার চাপ বাড়তে পারে। সূত্র: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন