প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের কালীগঞ্জে রাতের অন্ধকারে চিত্রা নদী থেকে ভেকু মেশিনের মাধ্যমে মাটি কাটার অভিযোগ উঠেছে। সন্ধ্যা নামার পর নদীর বিভিন্ন স্থানে শুরু হয় মাটি কাটার কার্যক্রম। গভীর রাত পর্যন্ত এই কাজ চলতে থাকে। পরবর্তীতে ট্রাক্টরের মাধ্যমে এসব মাটি স্থানীয় ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক পরিবেশ ও প্রবাহ হুমকির মুখে পড়ছে এবং ট্রাক্টরের বিকট শব্দে আশপাশের গ্রামের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কাছে একাধিকবার জানানো হলেও কোনো প্রতিকার মিলছে না। এ অবস্থায় মাটি কাটার সঙ্গে জড়িত প্রভাবশালী চক্রের ভূমিকা এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।
সরেজমিনে দেখা যায়, কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্বিপুর, মাগুরা, পাঁচকাহুনিয়া সহ কয়েকটি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর বিভিন্ন স্থান থেকে রাতের অন্ধকারে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চালিয়ে আসছে।
মালিয়াট ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এ মাটি ব্যবসার সঙ্গে জড়িত। তাদের দাবি, স্থানীয় মর্ডান নইটভাটার জন্য প্রায় ২০০ ট্রাক্টর মাটি কেনা হয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য এক প্রার্থীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এ ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, রাতের অন্ধকারে নদী থেকে মাটি কাটার বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন। জনবল সংকটের কারণে রাতে অভিযান পরিচালনা ও মাটি কাটা প্রতিরোধে কিছুটা সমস্যা হচ্ছে। বিষয়টি ঝিনাইদহ জেলা পর্যায়ের সভায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। দিনের বেলায় মাটি কাটার ঘটনা ঘটলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন বলেও জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন