প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জার্মানির বিমানবন্দরে রাশিয়ার ড্রোন হামলার অভিযোগ
জার্মান সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, লিপজিগ/হালে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলার চেষ্টার পেছনে রাশিয়ার হাত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট মন্তব্য করেছেন, এই ঘটনা ইউরোপে রাশিয়ার চলমান ‘হাইব্রিড অপারেশনের’ একটি অংশ।
মঙ্গলবার, পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুলকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে ডোব্রিন্ডট বলেন, পুলিশি তদন্ত, অপরাধের প্রকৃতি এবং গোয়েন্দা তথ্য—এই সবকিছু মিলিয়ে রাশিয়াকে হামলার চেষ্টার জন্য দায়ী করার যথেষ্ট ভিত্তি পাওয়া গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
সংবাদপ্রতিবেদন পরিষেবা
গত ৪ আগস্ট সন্ধ্যায় পূর্ব জার্মানির লিপজিগ/হালে বিমানবন্দরে একটি ড্রোন শনাক্ত করা হয়। ড্রোনটি একটি ইউক্রেনীয় বিমানের নিকটবর্তী অবস্থানে ছিল। পরবর্তীতে ড্রোনটিতে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেটি নিষ্ক্রিয় করা হয়।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, কর্তৃপক্ষ এই ঘটনার পেছনে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখছে না। তাঁর মতে, এটি ইউরোপজুড়ে রাশিয়ার বৃহত্তর ‘হাইব্রিড অপারেশনের’ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেনকে সহায়তা প্রদানকারী বেশ কিছু ইউরোপীয় দেশ সাম্প্রতিক সময়ে নাশকতা ও হামলার চেষ্টার ঘটনা বৃদ্ধির কথা জানিয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো অভিযোগ করেছে যে, এসব ঘটনার পেছনেও রাশিয়ার হাত রয়েছে।
রাশিয়ার বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ
হামলার চেষ্টার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে জার্মানি। পররাষ্ট্রমন্ত্রী ওয়াডেফুল জানিয়েছেন, এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
এছাড়া, বন শহরে অবস্থিত রুশ কনস্যুলেট জেনারেল এবং বার্লিনের রাশিয়ান হাউস সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাঠামোর মধ্যেও রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা এবং রুশ নাগরিকদের ওপর ভ্রমণ বিধিনিষেধ আরোপের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর ওপর চাপ বাড়ানোর কথাও জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।
মস্কোর পাল্টা হুঁশিয়ারি
বার্লিনের অভিযোগের প্রতিক্রিয়ায় রাশিয়া জানিয়েছে, জার্মানির ‘রুশবিরোধী পদক্ষেপের’ জবাব দেওয়া হবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বার্লিনের পদক্ষেপের বিরুদ্ধে মস্কো প্রতিক্রিয়া জানাবে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এ তথ্য জানা গেছে।
এদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন জার্মানির প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, ইউরোপ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন নিজেদের স্বাধীনতা ও নিরাপত্তাকে যারা হুমকির মুখে ফেলতে চায়, তাদের প্রতিহত করবে।
তিনি আরো জানান, রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন