প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম এবং ১০ হাজার টন করে মসুর ডাল ও চিনি আমদানির অনুমোদন প্রদান করেছে।
এ তথ্য বুধবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম সভায় এসব ক্রয় প্রস্তাব অনুমোদন লাভ করে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৮০ লাখ টাকা। প্রতি টন গমের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার।
গম সরবরাহের জন্য ইউএসডব্লিউ অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
এছাড়া, জাতীয় ই-জিপি ব্যবস্থার আওতায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদনও দেওয়া হয়েছে।
এতে ব্যয় ধরা হয়েছে ৭৭ কোটি ২৫ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম নির্ধারণ করা হয়েছে ৭৭ টাকা ২৫ পয়সা। এ ডাল সরবরাহের জন্য রাজশাহীর নাবিল নাবা ফুডস লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
একই পদ্ধতিতে ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন চিনি কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা ৯৫ পয়সা। চিনি সরবরাহের জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
গম আমদানির প্রস্তাবটি খাদ্য মন্ত্রণালয় এবং মসুর ডাল ও চিনি কেনার প্রস্তাব দুটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে সভায় উপস্থাপন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন