প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে গান পরিবেশনের সময় সংগীতশিল্পী ও র্যাপার রেবল ড্রোনের আঘাতে আহত হয়েছেন। পারফরম্যান্স চলাকালে হঠাৎ করে একটি ড্রোন এসে তাঁর মুখে আঘাত করে। এই ঘটনায় তিনি মাঝপথে গান থামিয়ে মঞ্চ ছেড়ে চলে যান। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই ঘটনা ২৬ নভেম্বর গুয়াহাটির হাতিসিলায় আয়োজিত ‘পালস ২০২৬ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ঘটে। সেখানে রেবল ‘রান ডাউন দ্য সিটি’ গানটি পরিবেশন করছিলেন। গানের তালে মঞ্চে পারফর্ম করার সময় আচমকা একটি ড্রোন এসে তাঁর মুখে আঘাত করে। ফলে তাঁর পরিবেশনাটি মুহূর্তেই থেমে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ড্রোনের আঘাতে কিছুটা হতচকিত হয়ে পড়েন এই গায়িকা। তিনি কয়েক মুহূর্ত মঞ্চে অবস্থান করার পর পারফরম্যান্স চালিয়ে যাননি। পরে তিনি মঞ্চ ছেড়ে চলে যান। তবে দুর্ঘটনার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
রেবলের প্রকৃত নাম দায়াফি লামারে। তিনি ভারতের মেঘালয়ের ওয়েস্ট জয়ন্তিয়া হিলসের নাংবাহ এলাকায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তাঁর আগ্রহ ছিল। হিপহপ, রক ও ইন্ডি সংগীতের প্রতি বিশেষ ঝোঁক তৈরি হয় তাঁর। এমিনেম, বিগি, আন্দ্রে থ্রি থাউজ্যান্ড ও লিংকিন পার্কের মতো শিল্পীদের গান তাঁকে প্রভাবিত করেছে।
সংগীতের পাশাপাশি পড়াশোনাতেও ভালো ছিলেন রেবল। তিনি বেঙ্গালুরুর বিশ্বেশ্বরাইয়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। তবে প্রচলিত পেশায় না গিয়ে সংগীতকেই ক্যারিয়ার হিসেবে বেছে নেন।
২০১৮ সাল থেকে নিয়মিত সংগীতচর্চা ও পরিবেশনা শুরু করেন রেবল। প্রথম দিকে ‘দায়া’ নামে পরিচিত থাকলেও ২০১৯ সালে নিজের মঞ্চনাম পরিবর্তন করে রাখেন ‘রেবল’। নিজস্ব র্যাপ ও ভিন্নধর্মী পরিবেশনার মাধ্যমে ধীরে ধীরে পরিচিতি পান তিনি।
রেবলের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে আদিত্য ধর পরিচালিত বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। সংগীত পরিচালক শাশ্বত সচদেবের সঙ্গে কাজের মধ্য দিয়ে হিন্দি সিনেমার গানে অভিষেক হয় তাঁর। সিনেমাটির ‘রান ডাউন দ্য সিটি-মনিকা’ গানে তাঁর কণ্ঠ ও র্যাপ শ্রোতাদের নজর কাড়ে। এ ছাড়া ছবির আরও কয়েকটি গানেও অংশ নিয়েছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন