প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় ফোরমোসা প্রদেশে ফুটবল অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ চলাকালে বজ্রপাতে ৩৪ বছর বয়সী খেলোয়াড় ইভান মিয়ের্স প্রাণ হারিয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে প্রাদেশিক রাজধানী ফোরমোসায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় সতীর্থ হুয়ান রোমেরো আহত হয়েছেন এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম এলএন+ ও ইনফোবায়েরের প্রতিবেদনে জানা যায়, ক্লাব স্পোর্তিভো পাতরিয়ার হয়ে অনুশীলন করছিলেন মিয়ের্স। টর্নেও আর্জেন্টিনোর একটি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি হিসেবে সেদিন দলটি অনুশীলনের পাশাপাশি একটি প্রীতি ম্যাচেও অংশগ্রহণ করে।
ক্লাবটির প্রধান কোচ হুয়ান কার্লোস এরমোসি জানিয়েছেন, হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে আসে এবং কিছুটা বৃষ্টি পড়ে। এর মধ্যেই মিয়ের্সের কয়েক সেন্টিমিটার দূরে বজ্রপাত আঘাত হানে। ঘটনাস্থলে ছিলেন আরেক খেলোয়াড় হুয়ান রোমেরো।
ঘটনার পর সতীর্থরা দ্রুত দুজনকে ব্যক্তিগত গাড়িতে করে ফোরমোসার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। মাঠেই তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হলেও মিয়ের্স কয়েক ঘণ্টা পর মারা যান। অন্যদিকে, রোমেরো এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার পূর্বাভাসকে সতর্কতামূলক পর্যায়ে রেখেছেন।
ফোরমোসায় জন্ম নেওয়া মিয়ের্স সম্প্রতি কর্দোবা প্রদেশের সিলভিও পেলিকো ক্লাবের হয়ে খেলেছেন। এর আগে তিনি স্থানীয় ক্লাব সান মার্তিন, সান লোরেঞ্জো ও ভিয়া দেল রোসারিওতে খেলেছেন। পরে স্পোর্তিভো পাতরিয়াকে সহায়তা করতে তিনি নিজ এলাকায় ফিরে আসেন।
মিয়ের্সের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর স্পোর্তিভো পাতরিয়া, সান মার্তিন দে ফোরমোসা ও সিলভিও পেলিকো শোকবার্তা প্রকাশ করেছে। ক্লাবগুলো তাঁর পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি সমবেদনা জানিয়েছে।
মাঠে এমন আকস্মিক দুর্ঘটনায় আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন