প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্ণিল আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস আর স্মৃতিচারণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (সদর গার্লস) শতবর্ষ পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় একত্রিত হয়ে স্মৃতির পাতায় ফিরে যান দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাক্তন শিক্ষার্থীরা। পুরো আয়োজনজুড়ে ছিল আবেগ, ভালোবাসা ও পুরোনো দিনের স্মৃতিচারণ।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। গোলাপি ও সাদা শাড়িতে সজ্জিত কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে র্যালিটি পরিণত হয় এক উৎসবমুখর শোভাযাত্রায়। ব্যান্ডের বাদ্য, নানা রঙের ফেস্টুন ও কালার স্মোকের বর্ণিল আয়োজনে নগরীর রাজপথ হয়ে ওঠে প্রাণবন্ত। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নিয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক বিলকিস জাহান শিরিন বলেন, ‘আজ বরিশাল গোলাপিময়। প্রাক্তন প্রায় তিন হাজার শিক্ষার্থী নিবন্ধন করে এ উৎসবে অংশ নিয়েছেন। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন। এ আয়োজন সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
শতবর্ষের এ আয়োজনে অংশ নিতে সুদূর অস্ট্রেলিয়া থেকে এসেছেন ২০০৭ ব্যাচের শিক্ষার্থী অবন্তি রহমান। তিনি বলেন, ‘এ উৎসবে অংশ নিতে অস্ট্রেলিয়া থেকে এসেছি। আমার মতো দেশের বাইরে থেকেও অনেকে এসেছেন আবেগের এই প্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তিতে অংশ নিতে। এখানে এসে আমাদের ব্যাচের সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে দেখা হয়েছে। অনেক দিনের পুরোনো স্মৃতি আবারও ফিরে পেয়েছি।’
ভারতের দিল্লি থেকে এসেছেন ২০০২ ব্যাচের শিক্ষার্থী স্বর্ণা দাস। তিনি বলেন, ‘স্কুলজীবন সত্যিই মধুর। বিদ্যালয় থেকে বের হওয়ার পর জীবনে এমন সময় আর ফিরে আসেনি। সেই মধুর স্মৃতিগুলোকে নতুন করে স্মরণ করতেই দিল্লি থেকে ছুটে এসেছি। আসার আগে বান্ধবীদের সঙ্গে কথা হয়েছে, আমরা একসঙ্গে নিবন্ধনও করেছি। আমাদের এক বান্ধবীও আমেরিকা থেকে এসেছে এই পুনর্মিলনীতে যোগ দিতে।’
আনন্দ র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বক্তব্যে তিনি বলেন, স্বাধীন বাংলার প্রথম আঞ্চলিক সচিবালয় ছিল এই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ ঐতিহাসিক গুরুত্বের কারণে প্রতিষ্ঠানটির প্রতি আমাদের সবার আলাদা আবেগ ও শ্রদ্ধা রয়েছে।
এ সময় তিনি বিদ্যালয়ের স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা তুলে ধরেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ার।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন। এরপর অতিথিদের উপস্থিতিতে শতবর্ষ পূর্তির কেক কাটা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষক-শিক্ষিকারাও অংশ নেন। দীর্ঘদিন পর শিক্ষক ও শিক্ষার্থীদের এই মিলনমেলা আয়োজনকে আরও আবেগঘন করে তোলে।
দিনব্যাপী আয়োজনের ধারাবাহিকতায় সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, আনন্দ ও স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ হয় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর বর্ণাঢ্য আয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন