প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেড় দশকেরও বেশি সময় ধরে ফুটবলবিশ্ব লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে চলমান দ্বন্দ্বের সাক্ষী হয়ে এসেছে। সময়ের সাথে সাথে তাঁদের এই লড়াই ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে। তবে, এবার কি সেই দুই মহাতারকাকে একই দলের হয়ে মাঠে দেখা যাবে?
আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে বুয়েনস এইরেসের বোম্বোনেরায় তেভেজের সম্মানে একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই ম্যাচের আমন্ত্রিতদের তালিকায় মেসি ও রোনালদো দুজনের নামও রয়েছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলে, তাহলে এই প্রথমবারের মতো একই দলের জার্সিতে মাঠে দেখা যেতে পারে সময়ের দুই মহাতারকাকে।
এ খবরটি আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিনটি স্পোর্টস প্রকাশ করেছে। টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক মার্সেলো পালাসিওসও একই তথ্য নিশ্চিত করেছেন।
মেসি ও রোনালদোর সম্ভাব্য উপস্থিতির পাশাপাশি ম্যাচটি তেভেজের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, তিনি এখনও খেলোয়াড়ি জীবনের আনুষ্ঠানিক বিদায় নেননি।
তেভেজ সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২১ সালে বোকা জুনিয়র্সের জার্সিতে। যদিও তিনি পরের বছর, ২০২২ সালের জুনে অবসরের ঘোষণা দেন। এরপর আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া হয়নি ৪২ বছর বয়সী এই তারকার। এবার তিনি সেই আনুষ্ঠানিক বিদায় আয়োজন করতে যাচ্ছেন। এ জন্য বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের অনুমতিও নাকি মিলেছে।
খেলোয়াড়ি জীবন শেষ করার পর তেভেজ কোচিংয়ে কিছুটা পথ পাড়ি দিয়েছেন। তিনি রোজারিও সেন্ট্রাল, ইন্দেপেন্দিয়েন্তে এবং সর্বশেষ তায়ারেসের ডাগআউটে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কোনো দলের দায়িত্বে নেই।
শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার পাঁচ বছরেরও বেশি সময় পর বিদায়ী ম্যাচ আয়োজন করে চমকই দিতে যাচ্ছেন তেভেজ। তার ওপর মেসি ও রোনালদোর সম্ভাব্য উপস্থিতি ম্যাচটিকে বাড়তি আকর্ষণ দিতে পারে।
তেভেজের ক্যারিয়ারের বিভিন্ন সময়ে যাঁরা সতীর্থ ছিলেন, তাঁদের মধ্যে প্রায় ৬০ জনকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। সেই তালিকার অংশ হিসেবেই আমন্ত্রণ পেয়েছেন মেসি ও রোনালদো।
মেসির সঙ্গে তেভেজ খেলেছেন আর্জেন্টিনা জাতীয় দলে। আর ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত রোনালদোর সতীর্থ ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ফলে দুই মহাতারকাকে একই ম্যাচে হাজির করার পেছনে তেভেজের সঙ্গে তাঁদের পুরোনো সম্পর্কও একটি বড় কারণ।
তবে, শেষ পর্যন্ত মেসি ও রোনালদো একই সময়ে আর্জেন্টিনায় গিয়ে তেভেজের বিদায়ী ম্যাচে খেলতে পারবেন কি না, সেটি এখনও নিশ্চিত নয়। ওই সময় ইন্টার মায়ামির মৌসুম শেষ হয়ে গেলেও সৌদি প্রো লিগের দল আল নাসরের খেলা থাকার কথা।
সূত্র: গোল ডটকম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন