০৪:৫২ এম
বাংলাদেশ নৌবাহিনী সেন্ট মার্টিনের নিকটবর্তী বঙ্গোপসাগরে একটি কাঠের নৌকা থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬৫ জন মালয়েশিয়াগামী যাত্রী এবং ১১ জন মানব পাচারকারী চক্রের সদস্য রয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) নৌবাহিনী এই তথ্য প্রকাশ করেছে।
নৌবাহিনী জানায়, গত বৃহস্পতিবার রাতে সেন্ট মার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে একটি নৌকা ভাসমান অবস্থায় দেখতে পায় মাছ ধরার ট্রলার এফভি ক্রিস্টাল-১। নৌকায় থাকা ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়। এরপর নিয়মিত টহলে থাকা নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে গিয়ে নৌকাটি উদ্ধার করে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
নৌকাটির ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে যাওয়ার কারণে সেটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। নৌকাটিতে পানি ঢুকে পড়লে নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে নৌকায় থাকা ৭৬ জনকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়।
নৌবাহিনী জানায়, বাকি ৬৫ জনকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণার শিকার ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নৌবাহিনীর তথ্য অনুযায়ী, প্রতারণার শিকার এসব ব্যক্তির বেশির ভাগকে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রাখা হয়েছিল। পরে তাঁদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে নৌকায় তোলা হয়। উদ্ধার হওয়ার পর ৬৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তাও প্রদান করা হয়েছে।
অন্যদিকে, মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত ১১ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
আটক ব্যক্তিদের এবং জব্দ করা নৌকাটি পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি গতকাল সকালে বলেন, গভীর সাগর থেকে উদ্ধার হওয়া ব্যক্তি ও আটক ব্যক্তিদের থানায় আনা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন