প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব ইকোনমিক কো-অপারেশন কারাসাওয়া শিনজুর জানিয়েছেন, জাপানে কাজ করার জন্য বাংলাদেশিদের জন্য জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতায় ব্যাপক সুযোগ বিদ্যমান।
রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ‘এসটি মিরাই জাপানিজ একাডেমি লিমিটেড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কারাসাওয়া শিনজুর মন্তব্য করেন, বাংলাদেশের জনগণ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও দয়ালু। এ ধরনের প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে এবং তাদের ভবিষ্যতে উন্নতির সুযোগ তৈরি করবে। ফলে তারা জাপানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে সক্ষম হবে।
এসটি মিরাই জাপানিজ একাডেমি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, এটি একটি আনন্দের মুহূর্ত যে আমরা এমন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পেরেছি। এসটি মিরাই জাপানিজ একাডেমির মাধ্যমে আমরা আমাদের দেশের জনশক্তিকে জাপানে পাঠানোর সুযোগ তৈরি করতে পারব।
তিনি আরও বলেন, জাপানে যাওয়ার জন্য ভাষা এবং টেকনিক্যাল বিষয়ে দক্ষতা অর্জন করা আবশ্যক। কারণ, জাপানের নতুন সরকার টেকনিক্যাল বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধির ঘোষণা দিয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের জাপানি ভাষার পাশাপাশি দেশটির সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য শেখানোর ব্যবস্থা করা হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে একাডেমিটি সম্পূর্ণ অলাভজনক (নন-প্রফিট) উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এর মূল লক্ষ্য হলো বাংলাদেশি তরুণ-তরুণীদের জাপানি ভাষায় দক্ষ করে তোলা এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করা।
এছাড়াও, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে তোলার ক্ষেত্রে একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরিফুর জামান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসটি মিরাই জাপানিজ একাডেমির চেয়ারম্যান তামিকো মিজাই, পরিচালক কেনজি মিজাই, অকো টেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম, বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি কাইয়ূম জামান খান, আইটিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন