১২:৪৭ পি.এম
বাংলাদেশের টেকসই ও নির্বিঘ্ন উত্তরণ, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার জন্য, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং সরকারের সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে জাতিসংঘের আরও জোরালো সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
এটি বুধবার (১৫ জুলাই) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে জানায়।
জাতিসংঘ সদর দপ্তরে পৃথক বৈঠকগুলোতে, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল লি জুনহুয়া, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন-এসক্যাপ) নির্বাহী সচিব ও আন্ডার-সেক্রেটারি-জেনারেল আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা এবং ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ব্যুরোর আঞ্চলিক পরিচালক ও সহকারী মহাসচিব কান্নি উইগ্নারাজার সঙ্গে তিনি এসব বিষয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: মেজর আখতারুজ্জামানের জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ
ড. তিতুমীর বলেন, লি জুনহুয়ার সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ করেন। তিনি আরও জানান, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির কার্যকর বাস্তবায়ন এবং টেকসই ও অপরিবর্তনীয় উত্তরণ নিশ্চিত করতেই এ সময় বাড়ানোর অনুরোধ করেন।
জবাবে, লি জুনহুয়া বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় ইউএন ডেসার অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং এলডিসি উত্তরণ প্রক্রিয়ার সফলতা ও স্থায়িত্বে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য তৎপরতার প্রতিশ্রুতি দেন।
ইউএন-এসক্যাপের নির্বাহী সচিব আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানার সঙ্গে বৈঠকে ড. তিতুমীর উল্লেখ করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে প্রাপ্ত গণরায় সরকারের প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহিতামূলক সুশাসন এবং জনকল্যাণমুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ভিত্তিকে আরও সুদৃঢ় করেছে।
তিনি সরকারের ‘থ্রি-আর’ (রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন ফর এক্সেলারেশন) কৌশল তুলে ধরেন এবং বলেন, এ কৌশল অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন ত্বরান্বিত করার রূপরেখা হিসেবে কাজ করবে।
আরও পড়ুন: গঙ্গা চুক্তি নবায়নে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে, আশাবাদী শামা ওবায়েদ
আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা বাংলাদেশের এলডিসি উত্তরণ, আঞ্চলিক সংযোগ ও জলবায়ু সহনশীলতা জোরদারে ইউএন-এসক্যাপের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। তিনি সরকারের সার্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগেরও প্রশংসা করেন।
অন্যদিকে, ইউএনডিপির আঞ্চলিক পরিচালক কান্নি উইগ্নারাজার সঙ্গে বৈঠকে ড. তিতুমীর গণতান্ত্রিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপির অব্যাহত সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
জবাবে, কান্নি উইগ্নারাজা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি এবং এসডিজি অর্জনে ইউএনডিপির সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন: রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হলেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন