প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইতালিয়ান ফুটবলের নিম্ন স্তরের লিগে ম্যাচ পরিচালনা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক তরুণী। তার নাম জুলিয়ানা ভিজিলে।
মাঠে তিনি সহকারী রেফারি হিসেবে কাজ করেন, আর মাঠের বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পরিচিত মুখ। ইন্সটাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ লাখ ৩০ হাজারের বেশি, যা ইতালির অনেক ফুটবল ক্লাবের অনুসারীর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
জুলিয়ানা ভিজিলের জন্ম ইতালির চেজেনায়। তিনি শৈশব ও বেড়ে ওঠার বেশিরভাগ সময় এই শহরেই কাটিয়েছেন। তার শিক্ষাজীবন শুরু হয় চেজেনার ভিনচেনজো মন্তি ক্লাসিক্যাল হাইস্কুলে। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ে, যেখানে আন্তর্জাতিক ও কূটনৈতিক বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন।
পড়াশোনার পাশাপাশি ফুটবল জুলিয়ানার বড় আগ্রহ হয়ে ওঠে। সপ্তাহের কর্মব্যস্ততার পর সপ্তাহান্তে তাকে মাঠে দেখা যায়। ২৩ বছর বয়সী এই তরুণী ইতালিয়ান ফুটবলের আঞ্চলিক পর্যায়ের একাধিক প্রতিযোগিতায় সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি দেশটির চতুর্থ স্তরের প্রতিযোগিতা সিরি ‘ডি’-তে সুযোগ পান।
তবে জুলিয়ানার পরিচিতি শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তায় সীমাবদ্ধ নয়। ইতালির প্রভাবশালী ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লা স্পোর্ত জানিয়েছে, মাঠে তার পারফরম্যান্সও নজর কেড়েছে। ইতালিয়ান রেফারি অ্যাসোসিয়েশনের মূল্যায়নকারীরা গত কয়েক বছরে তার ম্যাচ পরিচালনায় নিয়মিত উচ্চ নম্বর দিয়েছেন।
মাঠে জুলিয়ানার উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহও বৃদ্ধি পাচ্ছে। লা গাজ্জেত্তা দেল্লা স্পোর্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি যে ম্যাচে দায়িত্ব পালন করেন, সেই ম্যাচে সাধারণ সময়ের তুলনায় দর্শক উপস্থিতি বেশি দেখা গেছে।
ফুটবলের পাশাপাশি জুলিয়ানা মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করেন। তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ফুটবল মাঠের ছবি, ভ্রমণ, ফ্যাশন ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত তুলে ধরা হয়।
এত জনপ্রিয়তার মাঝেও জুলিয়ানার লক্ষ্য বদলায়নি। তার স্বপ্ন একদিন ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ পর্যায় সিরি ‘এ’-তে রেফারির দায়িত্ব পালন করা। মাঠের পারফরম্যান্স ও ধারাবাহিক মূল্যায়নই সেই স্বপ্নপূরণের পথে তার সবচেয়ে বড় শক্তি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন