প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারে সরকারি সার বিতরণের সময় হট্টগোল ও ভাঙচুরের মাধ্যমে ৬১১ বস্তা সার লুটের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সই করা এক অফিস আদেশে সোমবার (৯ নভেম্বর) বিকেলে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী। কমিটির অন্য দুই সদস্য হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর পাবনার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. লুৎফর রহমান।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা বাজারে সারের গুদামে বিতরণের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব ঘটে। এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত এবং সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে দুপুরে ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণের সময় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করেন। সেখান থেকে বিপুল পরিমাণ সার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
পরে হিসাব করে দেখা যায়, গুদামে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছে, ৪০০ বস্তা মজুত রয়েছে এবং ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে দাবি করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাইকিং করে কৃষকদের নেয়া সার ফেরত দেয়ার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ‘জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত প্রতিবেদন চাওয়া হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন