প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রেলওয়ে পুলিশ ফুল মিয়া (৫৬) নামে এক অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করেছে, যিনি আন্ত নগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীকে অচেতন করে টাকা ও মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেন।
অচেতন হয়ে পড়া যাত্রী হাজী মফিজুর রহমান বর্তমানে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সীমান্ত এক্সপ্রেসের ‘ঙ’ বগির ৩৪ নম্বর আসনে অবস্থান করছিলেন। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাফেলা গ্রামে। বুধবার বিকেল ৩টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে রেলওয়ে থানার পুলিশ জানায়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশন অতিক্রম করার পর মফিজুর রহমান অচেতন হয়ে পড়েন। এ সময় ট্রেনে দায়িত্ব পালনরত রেলওয়ে পুলিশ ফুল মিয়াকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে মফিজুর রহমানের টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, ২০২৫ সালের ৩০ আগস্ট একই ট্রেনে দুই নারী যাত্রীকে জুস পান করিয়ে অচেতন করার অভিযোগে ফুল মিয়াকে আটক করা হয়েছিল।
ওই সময় অচেতন দুই নারীর কানের দুল ও নাকের ফুল খুলে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। পাশের এক যাত্রী বিষয়টি বুঝতে পেরে ফুল মিয়াকে হাতেনাতে আটক করেন। পরে তার কাছে থাকা জুস পরীক্ষা করতে তাকেই পান করানো হলে তিনি নিজেও অচেতন হয়ে পড়েন।
সৈয়দপুর রেলওয়ে থানার এএসআই মিজানুর রহমান বাদী হয়ে ফুল মিয়াসহ তার অজ্ঞাতনামা দুই থেকে তিন সহযোগীর বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী বলেন, ‘ওই যাত্রীর সঙ্গে ফুল মিয়ার আলাপচারিতার একপর্যায়ে তাঁকে জুস পান করানো হয়। এর পর তিনি অচেতন হয়ে পড়েন।’
নীলফামারী সংবাদদাতা
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫২
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন