প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভুয়া প্রবেশপত্র তৈরি করে এইচএসসি পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন এক শিক্ষার্থী। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ওই শিক্ষার্থী ও তার সহযোগীকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রের এইচএসসি-২০২৬ পরীক্ষাকেন্দ্রে ঘটনাটি ঘটে।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কসবা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত (১৮) এবং তার সহযোগী ইনজামুল হক (১৯)। এ ঘটনার জন্য তাদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকাও গ্রহণ করা হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় তাসফিয়া এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারেননি। পরে তিনি একজন পরিচিত যুবকের সহযোগিতায় এআই প্রযুক্তির মাধ্যমে একটি ভুয়া প্রবেশপত্র তৈরি করেন। সেই জাল প্রবেশপত্র নিয়ে তিনি পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে যান।
কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, পরীক্ষা শুরু হওয়ার আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় এর কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের মধ্যে অসংগতি ধরা পড়ে। পরে যখন শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়, তখন নিশ্চিত হওয়া যায় যে, প্রবেশপত্রটি জাল।
কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পর এআই প্রযুক্তির ব্যবহার করে জাল প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কলেজ কর্তৃপক্ষের সতর্কতার কারণে বিষয়টি ধরা পড়েছে।
তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালত শিক্ষার্থী ও তার সহযোগীকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে। পাশাপাশি তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে যে, তারা ভবিষ্যতে এমন অপরাধে জড়াবেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন