প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বজনহীন এক মানসিক প্রতিবন্ধী রোগীর চিকিৎসায় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল। গুরুতর হাড় ভাঙার সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়া ৩৯ বছর বয়সী আব্দুর রহিমের প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় তাঁর চিকিৎসা নিশ্চিত করা হয়।
গত ৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ২টা ৫৫ মিনিটে গুরুতর ফ্র্যাকচার নিয়ে আব্দুর রহিম রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর দ্রুত সুস্থতার জন্য জরুরি ভিত্তিতে ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন (ORIF) অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা নির্ধারণ করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোগীর পাশে দেখাশোনার জন্য কোনো স্বজন বা পরিবারের সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতেও তাঁর চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের সমন্বিত প্রচেষ্টায় প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র অর্থোপেডিক কনসালটেন্ট ডা. আশীষ ও জুনিয়র অর্থোপেডিক কনসালটেন্ট ডা. সুবীরের নেতৃত্বে অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়। পরবর্তী সময়ে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধান ও হাসপাতালের কর্মীদের পরিচর্যায় রোগী বর্তমানে সুস্থতার পথে রয়েছেন।
রোগীর চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করতে হাসপাতালের বিভিন্ন বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তর তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা বলেন, “মানবিকতা, আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অসহায় মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব। এই উদ্যোগ তারই প্রমাণ।”
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান বলেন, “রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সর্বদা অঙ্গীকারবদ্ধ।”
স্বজনহীন রোগীর চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সমাজসেবা অধিদপ্তরের এ উদ্যোগ সরকারি স্বাস্থ্যসেবায় মানবিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন