প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চুয়াডাঙ্গা, ১৬ নভেম্বর, ২০২৬ : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান সম্পর্কিত একটি সচেতনতামূলক অভিভাবক সমাবেশ আজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌরসভা আয়োজিত এবং ইউনিসেফ-এর সার্বিক সহযোগিতায় এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম।
এই সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণে এইচপিভি টিকার গুরুত্ব এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা করা হয়।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, প্রতিবছর বিশ্বের প্রায় ৬ লক্ষাধিক নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন। একটি জরিপে দেখা গেছে, এর মধ্যে ৩ লাখ ৪২ হাজার নারী মৃত্যুবরণ করেন।
এই জরায়ুমুখ ক্যান্সার রোধে একমাত্র কার্যকরী পদক্ষেপ হলো এইচপিভি টিকা। বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় ৭৬ শতাংশ এবং পৌরসভায় ৪০ শতাংশ নারীকে এইচপিভি টিকার আওতায় আনা হয়েছে। নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এই টিকার গ্রহণ অত্যন্ত জরুরি।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শারমিন আক্তার বলেন, বিশ্বের প্রায় ১৪০টি দেশে এইচপিভি টিকা প্রদান করা হয়। ক্যান্সার প্রতিরোধে এই টিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যায়, অধিকাংশ নারীদের ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ুমুখ ক্যান্সার হয়ে থাকে। তিন ডোজ এইচপিভি টিকা গ্রহণ করলে ক্যান্সার প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব। ৯ থেকে ১৪ বছর বয়সী কন্যা শিশুদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হচ্ছে।
তিনি আরো বলেন, অনেক অভিভাবকদের মধ্যে ভুল ধারণা রয়েছে যে, এই টিকা গ্রহণ করলে বন্ধ্যাত্ব হয়। আসলে এটি একটি ভুল ধারণা। নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এই টিকা গ্রহণ করা অত্যন্ত জরুরি।
এইচপিভি টিকা গ্রহণ করলে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই কমে যায়। এই টিকার বিষয়ে ব্যাপক জনসচেতনতার প্রয়োজন রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফারহানা ওয়াহিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, ডা. খন্দকার ইমরান হাসিবসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন