প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে নতুন সামরিক হামলা চালানোর নির্দেশনা দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত সামরিক পরিকল্পনার বিকল্প তৈরি করতে পেন্টাগনকে হোয়াইট হাউস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই তথ্যটি আন্তর্জাতিক সাময়িকী ‘দি আটলান্টিক’-এর একটি বিশেষ প্রতিবেদনে নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী ৩ নভেম্বরের নির্বাচনের পূর্বে এই হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। হামলার পরিধি, লক্ষ্যবস্তু এবং এই মুহূর্তে সামরিক পদক্ষেপ নেওয়া যৌক্তিক হবে কি না—তা নিয়ে মার্কিন নীতিনির্ধারকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। সম্প্রতি পেন্টাগন ট্রাম্পের সামনে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পুনরায় জোরদারের বেশ কিছু প্রস্তাব তুলে ধরেছে, যার মধ্যে ইরানের জ্বালানি ও তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট মূলত দেশের বাজারে গ্যাসের দাম কমানো এবং নির্বাচনের আগে মধ্যপ্রাচ্য সংঘাতের অগ্রগতি তুলে ধরে ভোটারদের সমর্থন আদায় করতে চান।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেনটকম) সতর্ক করে জানিয়েছে, সীমিত আকারের সামরিক হামলা চালিয়ে ইরানকে আলোচনায় বাধ্য করা কিংবা হরমুজ প্রণালীতে নৌচলাচল স্বাভাবিক করা সম্ভব নয়। এমনকি ভোটের আগে জ্বালানি তেলের দাম কমানোর ক্ষেত্রে এই কৌশল কার্যকর নাও হতে পারে।
ট্রাম্পের রাজনৈতিক সমর্থকদের একটি অংশ মনে করছেন, ইরানে সরাসরি হামলা চালালে ট্রাম্পের দৃঢ় নেতৃত্বের ভাবমূর্তি ফুটে উঠবে, যা নির্বাচনে রিপাবলিকান পার্টির অবস্থানকে শক্তিশালী করবে। তাদের মতে, মধ্যবর্তী নির্বাচনের পর বড় ধরনের সামরিক অভিযানের এটি সূচনা হতে পারে। তবে ট্রাম্পের বেশ কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা মনে করছেন, নির্বাচনের আগে সামরিক অভিযানে না গিয়ে ভোটের পরপরই হামলা চালানো বেশি কৌশলগত হবে।
সামরিক বিশেষজ্ঞদের একাংশ সতর্ক করেছেন যে, নির্বাচনের ঠিক আগে ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মোতায়েনরত প্রায় ৫০ হাজার মার্কিন সেনা এবং পারস্য উপসাগরের মিত্রদেশগুলো চরম ঝুঁকির মুখে পড়বে। পাশাপাশি এতে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রাগারও খালি হতে পারে। অনেক সাধারণ আমেরিকান মার্কিনদের যুদ্ধ থেকে সরে এসে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছেন। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ওয়াশিংটন সামরিক হামলা শুরু করলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কাই বেশি। সূত্র: দ্য আটলান্টিক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন