১১:০১ এম
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : মেক্সিকোর আধুনিক মাদক পাচার সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম মিগেল অ্যাঞ্জেল ফেলিক্স গ্যালার্দো মারা গেছেন। তিনি ‘বসদের বস’ নামে পরিচিত ছিলেন। গতকাল রোববার ৮০ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে, যা নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।
এএফপি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, কুখ্যাত এই মাদক সম্রাট এক সময় পুলিশের কর্মকর্তা ছিলেন। তিনি কলম্বিয়ার মাদক পাচারকারীদের সঙ্গে জোট গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্বজুড়ে কোকেনের অবৈধ বাণিজ্যের ধরন পরিবর্তন করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের এক মাদকবিরোধী সংস্থার কর্মকর্তাকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তিনি দণ্ডিত হন।
কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের দুই দিন পর তার মৃত্যু ঘটে। মেক্সিকোর জালিসকো রাজ্যের নিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে ১৫ নভেম্বর তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
ফেলিক্স গ্যালার্দোর শারীরিক অবস্থার গত কয়েক বছরে অবনতি ঘটে। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং শ্রবণশক্তি হারানোর সমস্যায় ভুগছিলেন। ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর জানিয়েছিলেন, ফেলিক্স গ্যালার্দোর শারীরিক অবস্থা খুবই খারাপ। সেই সময় এক বিচারক তাকে কারাগারের পরিবর্তে নিজ বাড়িতে বন্দী রাখার অনুমতি দেন। তবে ইলেকট্রনিক গোড়ালি পর্যবেক্ষণ যন্ত্রের কারিগরি সমস্যার কারণে তাকে বাড়িতে স্থানান্তর করা সম্ভব হয়নি।
গুয়াদালাহারা মাদকচক্রের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ফেলিক্স গ্যালার্দো। পরবর্তী সময়ে এই চক্র থেকেই সিনালোয়া মাদকচক্রের উত্থান ঘটে। ১৯৮৯ সাল থেকে তিনি কারাবন্দি ছিলেন এবং ৪০ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর (ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন) ছদ্মবেশী কর্মকর্তা এনরিক ‘কিকি’ কামারেনা সালাজার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে তিনি দণ্ডিত হন। এই হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল।
মাদকচক্রের উত্থান
সরকারি তথ্য অনুযায়ী, ফেলিক্স গ্যালার্দোর জন্ম ১৯৪৬ সালের ৮ জানুয়ারি মেক্সিকোর সিনালোয়া রাজ্যে। অপরাধজগতে প্রবেশের সময়কাল ছিল রাজ্য ও কেন্দ্রীয় পুলিশের চাকরিজীবনের সঙ্গে। তিনি সিনালোয়া রাজ্যের এক গভর্নরের দেহরক্ষী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুন: অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে আন্দিজ ও আমাজন সফরে পোপ
বিশেষজ্ঞদের মতে, এই দায়িত্ব পালনের সুবাদে তিনি প্রভাবশালী রাজনীতিকদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক তৈরি করেছিলেন, যা অপরাধ কর্মকাণ্ডে তাদের সহযোগিতা ও সুরক্ষা পেতে সহায়তা করেছিল। তিনি আরেক কুখ্যাত মাদক সম্রাট রাফায়েল কারো কুইন্তেরোর সঙ্গে জোট বাঁধেন। পরে অন্যান্য অপরাধচক্রের নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্রে মাদক পাচারে জড়িত বিভিন্ন গোষ্ঠীকে একত্র করে গড়ে তোলেন গুয়াদালাহারা মাদকচক্র।
মাদকবাণিজ্য নিয়ে গবেষণাকারী ওয়েবসাইট ইনসাইট ক্রাইমের তথ্য অনুযায়ী, এই চক্রটি একটি একক আধিপত্যভিত্তিক কাঠামোয় গড়ে উঠেছিল। বর্তমান মাদক পাচার কর্মকাণ্ডের প্রায় সবকিছুর ভিত্তি তৈরি হয়েছিল এই চক্রের হাত ধরেই।
প্রকাশনাটির তথ্য অনুযায়ী, ফেলিক্স গ্যালার্দো কলম্বিয়ার মাদক পাচারকারীদের সঙ্গে, বিশেষ করে পাবলো এসকোবারের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলেন। এক পর্যায়ে তিনি মেক্সিকোয় এসকোবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগীতে পরিণত হন।
গুয়াদালাহারা মাদকচক্র দেশটির অপরাধজগতের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। এ কারণে ফেলিক্স গ্যালার্দো ‘এল হেফে দে হেফেস’ এবং ‘এল পাদ্রিনো’ নামে পরিচিতি পান। স্প্যানিশ এই দুটি নামের অর্থ যথাক্রমে ‘বসদের বস’ ও ‘গডফাদার’।
আরও পড়ুন: এডেনের মাত্র ৬০ কিমি দূরে হুতিরা, শহরজুড়ে দুর্গ গড়ে তুলছে সরকারি বাহিনী
পতনের শুরু
১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে ডিইএর কর্মকর্তা এনরিক কামারেনা সালাজারকে অপহরণ ও নির্যাতনের পর হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ফেলিক্স গ্যালার্দো দোষী সাব্যস্ত হন। কামারেনার মৃত্যু এখনো যুক্তরাষ্ট্রের জন্য একটি গভীর বেদনাদায়ক ঘটনা হিসেবে বিবেচিত হয়।
ওয়াশিংটনের তীব্র চাপের মুখে ১৯৮৫ সালে রাফায়েল কারো কুইন্তেরোকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি মাদক পাচার ও ওই মার্কিন কর্মকর্তাকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রে কারাবন্দি রয়েছেন।
১৯৮৯ সালের এপ্রিলে ফেলিক্স গ্যালার্দো গ্রেফতার হন। তবে বিশেষজ্ঞদের মতে, কারাগারে থেকেও তিনি দীর্ঘদিন তার অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন। জালিসকো রাজ্যের পুয়েন্তে গ্রান্দে কারাগারে তিনি সাজা ভোগ করছিলেন।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের ঢেউ, বন্ধ ঐতিহাসিক জেটি
১৯৯০-এর দশকে গুয়াদালাহারা মাদকচক্র ভেঙে যায়। এরপর চক্রটির স্থানীয় নেতারা বিভিন্ন অঞ্চলে পৃথক মাদকচক্র গড়ে তোলেন। এর মধ্যে অন্যতম ছিল সিনালোয়া মাদকচক্র। জোয়াকিন ‘এল চাপো’ গুজমান ও ইসমায়েল ‘এল মায়ো’ সাম্বাদা এই মাদকচক্রকে শক্তিশালী করে তোলেন। পরবর্তী সময়ে তাদের দুজনকেই যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
মাদক সম্রাট ফেলিক্স গ্যালার্দো এখনো মেক্সিকোর মানুষের স্মৃতিতে জায়গা করে আছেন মাদক পাচারকারীদের নিয়ে রচিত ‘নারকোকোরিদোস’ বা মাদকবাণিজ্যভিত্তিক লোকগানের মাধ্যমে।
এসব গানের মধ্যে ‘এল হেফে দে হেফেস’ বিশেষভাবে পরিচিত, যদিও জনসমাগমস্থলে গানটি বাজানো নিষিদ্ধ। এ ছাড়া মাদক পাচার নিয়ে নির্মিত নেটফ্লিক্সের বিভিন্ন নাটক ও সিরিজেও তার চরিত্র তুলে ধরা হয়েছে।
এসবের একটিতে মেক্সিকান অভিনেতা দিয়েগো লুনা ফেলিক্স গ্যালার্দোর চরিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুন: কেপ ভার্দের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হোসে মারিয়া নেভেস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন