প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বীমা কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নিয়োগের জন্য নির্দিষ্ট শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা বাধ্যতামূলক করেছে। প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করার পর কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে নিয়োগের আগে। বর্তমান প্রধান আর্থিক কর্মকর্তাদের জন্যও নির্ধারিত যোগ্যতা থাকা আবশ্যক।
বুধবার আইডিআরএ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, বিমাকারীর আর্থিক সুশাসন নিশ্চিত করার জন্য যোগ্য ও পেশাদার প্রধান আর্থিক কর্মকর্তা অপরিহার্য। যেসব বিমাকারী যোগ্য ও পেশাদার প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগে ব্যর্থ হচ্ছে, তাদের সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫৬(গ) অনুযায়ী কর্তৃপক্ষের ওপর দায়িত্ব অর্পিত রয়েছে।
এই নির্দেশনার মাধ্যমে কর্তৃপক্ষের ওপর অর্পিত দায়িত্ব পালনের উদ্দেশ্যে যোগ্যতাসম্পন্ন প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রধান আর্থিক কর্মকর্তা হতে হলে প্রার্থীদের নিচের সাতটির যেকোনো একটি শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা থাকতে হবে—
১. ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ফেলো বা সহযোগী সদস্য হতে হবে।
২. ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ফেলো বা সহযোগী সদস্য হতে হবে।
৩. যুক্তরাষ্ট্র বা কানাডার সনদপ্রাপ্ত পাবলিক অ্যাকাউনট্যান্ট (সিপিএ) হিসেবে সনদধারী হতে হবে।
৪. যুক্তরাজ্যের অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউনট্যান্টসের (এসিসিএ) ফেলো বা সহযোগী সদস্য হতে হবে।
৫. ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ফেলো বা সহযোগী সদস্য হতে হবে।
৬. যুক্তরাষ্ট্রের চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) হিসেবে সনদধারী হতে হবে।
৭. বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে পেশাগত যোগ্যতার সনদধারী হতে হবে। তবে সেই সনদ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) অথবা ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) কর্তৃক স্বীকৃত হতে হবে।
সার্কুলার জারির পর থেকে সব বিমাকারীকে প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগের আগে নির্ধারিত শিক্ষাগত ও পেশাগত যোগ্যতাসম্পন্ন ব্যক্তির বিস্তারিত বিবরণ উল্লেখ করে কর্তৃপক্ষের কাছে পূর্বানুমোদনের জন্য আবেদন করতে হবে। কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরেই প্রধান আর্থিক কর্মকর্তা পদে নিয়োগ কার্যকর হবে।
বর্তমানে দায়িত্ব পালনরত প্রধান আর্থিক কর্মকর্তাদের ক্ষেত্রেও একই যোগ্যতা প্রযোজ্য হবে। নির্ধারিত শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা থাকলে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বিস্তারিত যোগ্যতাসহ কর্তৃপক্ষের অনুমোদনের জন্য আবেদন করতে হবে।
যদি কোনো বিমাকারীর বর্তমান প্রধান আর্থিক কর্মকর্তার নির্ধারিত শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা না থাকে, তবে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন কোনো উপযুক্ত ব্যক্তিকে প্রধান আর্থিক কর্মকর্তা পদে নিয়োগ সম্পন্ন করতে হবে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন